নতুন বছর

পাখি ডাকে মিষ্টি সুরে

ঝাঁকে ঝাঁকে ওড়ে

নতুন বছর চলে এল

একটি বছর ঘুরে।

শীতের সাথে খেজুর রসে

শর্ষে ফুলের ঘ্রাণে

পিঠাপুলি সাথে নিয়ে

সুখের হাওয়া প্রাণে।

গাঁয়ের ঘরে, শহর জুড়ে

সবাই নতুন সাজে

এদিক ওদিক তাকাই, দেখি

নতুনের গান বাজে।

নতুন বছর জুড়ে থাকুক

এমন খুশির রেশ!

শান্তি সুখে থাক ভরে থাক

আমার সোনার দেশ।