জামালপুরে যমুনার পানি বিপদসীমার ২৫ সেমি ওপরে প্রবাহিত

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারি বর্ষণে জামালপুরে যমুনার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বাহাদুরাবাদঘাট পয়েন্টে যমুনার পানি বিকেল ৩টা পর্যন্ত বিপদসীমার ২৫ সেন্টিমিটার ওপড় দিয়ে প্রবাহিত হয়েছে বলে জানিয়েছে জামালপুর পানি উন্নয়ন বোর্ড বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। পানিবন্দি হয়ে পড়েছে দেওয়ানগঞ্জ ও ইসলামপুর উপজেলার প্রায় ১০ হাজার মানুষ। বাড়ছে নদী ভাঙনও।

দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মমতাজ, বাহাদুরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান সাকিরুজ্জামান রাখাল বলেন, যমুনার পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার বাহাদুরাবাদ, চিকাজানী,  চুকাইবাড়ি ইউনিয়নের প্রায় এক হাজার পরিবারের কমপক্ষে তিন হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। ইসলামপুর উপজেলার বেলগাছার ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক, চিনাডুলি ইউপির চেয়ারম্যান আব্দুস ছালাম ও সাপধরী ই্উনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন জানান, যমুনার পানি বৃদ্ধির ফলে উপজেলার, কুলকান্দি, বেলগাছা,চিনাডুলি,নোয়ারপাড়া ও সাপধুরি ইউনিয়নের বেশীর ভাগ এলাকা তলিয়ে গেছে এতে করে প্রায় ৩ হাজার পরিবারের প্রায় সাত হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। পানি বৃদ্ধির ফলে যমুনার দ্বীপ চরের বাদাম ক্ষেত ও বীজতলার কাঁচা শাক সবজি,উঠতি ফসল ইক্ষু ও পাট পানিতে তলিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে। 

অপর দিকে ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়নের মুন্নিয়ারচর ও নোয়ারপাড়া ইউনিয়নের মাইজবাড়িসহ বেশ কিছু এলাকায় বিরামহীন ভাঙন চলছে। 

এ বিষয়ে জামালপুরের পানিউন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী  মো. আবু সাঈদ বলেন, পানি বৃদ্ধির ফলে আমরা সতর্কবস্থায় রয়েছি। 

ইত্তেফাক/এসি