তানোরের ইউএনওর স্ত্রী এবং সন্তানও করোনায় আক্রান্ত

তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুশান্ত কুমার মাহাতোর স্ত্রী-সন্তানও করোনায় আক্রান্ত হয়েছেন। রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়। শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা  কর্মকর্তা ডা. রোজি আরা খাতুন বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ২৫ জুন জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি অবস্থায় নমুনা পরীক্ষায় তানোর উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি ও ইউএনও সুশান্ত কুমার মাহাতোর করোনা পজিটিভ আসে। স্ত্রী ডা. শাপলা রাণী (২৬) এবং ছেলে শ্রীশান্ত মাহাতোর (৪) করোনা টেস্টে পজেটিভ আসে। তারা এখন সকলেই তানোর উপজেলা পরিষদ চত্বরে ইউএনওর সরকারী বাসভবনে আইসোলেশনে আছেন।

এদিকে গত ২৫ জুন ইউএনও সুশান্ত কুমার মাহাতোর সংস্পর্শে থাকা উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলেটর এএইচএম ফেরদৌস জামান সিদ্দিকীও করোনা ভাইরাসে আক্রান্ত হন।


ইত্তেফাক/আরকেজি