চাঁদপুরের শাহরাস্তিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পৌর কমিউনিটি পুলিশের সহ-সভাপতি হাজী আনোয়ার হোসেন নূর (৫৫) ইন্তেকাল করেছেন (ইন্না…রাজিউন)। রবিবার বিকেল চারটায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানান।
জানা গেছে, হাসপাতালে নেওয়ার ২ ঘণ্টা আগেই তার মৃত্যু হয়েছে। ভয়ে কেউ এগিয়ে না যাওয়ায় ২ ঘণ্টা তার লাশ বিছানায় পড়ে ছিল।
জানা যায়, আনোয়ার হোসেন নূর বেশ কয়েকদিন ধরে করোনা উপসর্গ নিয়ে অসুস্থ হয়ে ২২ জুন নমুনা পরীক্ষার জন্য দেন। গত ২৪ জুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে তার করোনা পজেটিভ বলে জানানো হয়। হোম আইসোলেশনে থাকা অবস্থায় রবিবার দুপুরে তার দেহ নিথর হয়ে পড়ে থাকতে দেখে পরিবারের লোকজন প্রতিবেশী ও প্রশাসনকে খবর দেন। বিকেল চারটায় এ্যাম্বুলেন্স যোগে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে তার মৃত্যু নিশ্চিত করা হয়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত বিশেষ ব্যবস্থায় তার লাশ দাফনের প্রস্তুতি চলছিল। মৃত্যুকালে তিনি ২ স্ত্রী, ৩ ছেলে ও ৫ মেয়ে রেখে গেছেন।
ইত্তেফাক/এএম