বাঙালির রসনাবিলাসে ইলিশের স্বাদ সবাই পছন্দ করেন। বর্ষার এই সময়ে ঘরে বসেই ইলিশের স্বাদের ভিন্নতা নিয়ে এবারের আয়োজন। রেসিপিগুলো দিয়েছেন রন্ধনশিল্পী সাবিনা ইয়াসমিন জেসিকা
আনারসে ইলিশ
উপকরণ :ইলিশ মাছ ৪ টুকরো, পেঁয়াজ কুচি ১/৪ কাপ, হলুদ গুঁড়া ১/৪ চা চামচ, মরিচ গুঁড়া ১/২ চা চামচ, আদা ও রসুন বাটা ১ চা চামচ, আনারস কুচি ১ কাপ, লবণ স্বাদ অনুযায়ী, সরিষা/সয়াবিন তেল ১/৪ কাপ, কাঁচামরিচ ৫টি।
প্রণালি :কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে ২ টেবিল চামচ পানি দিয়ে লবণ, বাটা মসলা এবং গুঁড়া মসলা দিয়ে কিছুক্ষণ কসিয়ে আনারস কুচি দিয়ে আরো কিছুক্ষণ কসিয়ে হবে। তেল ভেসে উঠলে মাছের টুকরোগুলো দিয়ে এপিঠ-ওপিঠ করে ৪ মিনিট কসিয়ে ১/৪ কাপ পানি দিয়ে ঢেকে রান্না করে পানি শুকিয়ে নিতে হবে । তারপর কাঁচামরিচ দিয়ে ২ মিনিট ঢেকে রেখে চুলা বন্ধ করে নামিয়ে নিন। এবার পরিবেশন করুন গরম ভাতের সঙ্গে আনারসে ইলিশ।
ইলিশ পোলাও
উপকরণ :ইলিশ মাছ ৪ টুকরো, পেঁয়াজ বাটা ৩ টেবিল চামচ, জিরা বাটা ১/২ চা চামচ, কাঁচামরিচ বাটা ১ চা চামচ, পেঁয়াজ বেরেস্তা ২ টেবিল চামচ, হলুদ গুঁড়া ১/৪ চা চামচ, লবণ স্বাদ অনুযায়ী, সরিষার তেল ৩ টেবিল চামচ, পোলাওর চাল ২ কাপ, গরম পানি ৪ কাপ।
প্রণালি :মাছের টুকরোগুলো হলুদ গুঁড়া এবং সামান্য লবণ দিয়ে মাখিয়ে নিতে হবে। কড়াইয়ে তেল গরম করে সব মসলা দিয়ে কসিয়ে নিতে হবে। এবার মাছের টুকরোগুলো দিয়ে ২ মিনিট কসাতে হবে। মাছের টুকরোগুলো তুুলে রেখে মসলার সাথে পোলাওর চাল, লবণ ও কাঁচামরিচ দিয়ে ভালো করে কসিয়ে গরম পানি দিয়ে ফুটে উঠলে ঢেকে ১০ মিনিট রান্না করতে হবে। ঢাকনা খুলে অল্প পানি থাকতে মাছের টুকরোগুলো দিয়ে চুলার আঁচ কমিয়ে ঢেকে রাখতে হবে ৫ মিনিট। এবার মাছের টুকরোগুলো তুলে পোলাও হালকা নেড়ে পোলাওর মাঝে মাছের টুকরোগুলো এবং পেঁয়াজ বেরেস্তা দিয়ে আরো ৫ মিনিট ঢেকে দমে রান্না করতে হবে। এবং সার্ভিং প্লেটে সাজিয়ে পরিবেশন করুন মজার ইলিশ পোলাও।
ইলিশ খিচুরি
উপকরণ :ইলিশ মাছ ৪ টুকরো, পোলাওর চাল ২ কাপ, ভাজা মুগ ডাল ১/৪ কাপ, সরিষা বাটা ১ টেবিল চামচ, কাঁচামরিচ বাটা ১ চা চামচ, মরিচ গুঁড়া ১/২ চা চামচ, হলুদ গুঁড়া ১/৪ চা চামচ, লবণ স্বাদ অনুযায়ী, সরিষার তেল ৩ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ১/৪ কাপ, গরম পানি ৪ কাপ।
প্র্রণালি :সব মসলা দিয়ে মাছের টুকরোগুলো মেখে নিতে হবে। হাড়িতে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নিতে হবে। এবার মসলা থেকে মাছের টুকরোগুলো আলাদা করে রেখে ভাজা পেঁয়াজের সঙ্গে মাখানো মসলা দিয়ে কসাতে হবে। মসলা থেকে তেল ভেসে উঠলে আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা চাল, ডাল দিয়ে খুব ভালো করে কসিয়ে নিতে হবে। এবার গরম পানি এবং লবণ দিয়ে ফুটে উঠলে ঢেকে ১০ মিনিট রান্না করতে হবে। ১০ মিনিট পর অল্প পানি থাকতে চুলার আঁচ কমিয়ে পোলাওর সাথে মাছের টুকরোগুলো দিয়ে ঢেকে দিতে হবে ৫ মিনিটের জন্য। এবার মাছের টুকরোগুলো সরিয়ে হালকা হাতে খিচুরি নেড়ে মাছগুলো দিয়ে ঢেকে দমে রাখতে হবে ৫ মিনিট। রান্না হয়ে গেলে পরিবেশন করুন গরম গরম ইলিশ খিচুরি।