আবুধাবি থেকে আটকে পড়া ১৪০ বাংলাদেশিকে ফিরিয়ে নিয়ে এলো ইউএস-বাংলা

কোভিড-১৯ মহামারীর প্রাদুর্ভাবের কারণে আবুধাবিতে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে এনেছে ইউএস-বাংলার একটি বিশেষ ফ্লাইট। আজ ৩০ জুন আবুধাবি থেকে স্থানীয় সময় ভোর ৫টায় ১৪০ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করে এবং সকাল ১১টা ৪২ মিনিটে ঢাকায় অবতরণ করে।

আবুধাবিতে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার সুবিধার্থে বাংলাদেশ বিমান বাহিনী ওয়েলফেয়ার ট্রাস্টের তত্ত্বাবধায়নে ইউএস-বাংলা এয়ারলাইন্স বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে বিশেষ ফ্লাইটটি পরিচালনা করেছে।

আবুধাবি থেকে প্রত্যেক যাত্রী করোনাভাইরাস নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ভ্রমণ করেছে।

কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের কারণে গত প্রায় চার মাস সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন শহরে আটকে ছিলো বহু সংখ্যক বাংলাদেশি। আকাশপথে যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার কারণে কোনোভাবেই দেশে ফিরে আসতে পারছিলো না। কিন্তু বাংলাদেশ ও ইউএই সরকারের সহযোগিতায় আবুধাবি থেকে আজ আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনলো ইউএস-বাংলা এয়ারলাইন্স।

ইতিমধ্যে ইউএস-বাংলা কোভিড-১৯ সময়কালীন চেন্নাই, কলকাতা, দিল্লি, কুয়ালালামপুর, ব্যাংকক, দুবাইতে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে নিয়ে আসতে বিশেষ ফ্লাইট পরিচালনা করেছে।

ইত্তেফাক/আরএ