মা হ বু ব আ ল ম
একুশে পদকপ্রাপ্ত দেশ বরেণ্য অভিনেতা, নাট্যকার ও নাট্যনির্দেশক আবুল হায়াত এখনো লকডাউন শেষে শুটিংয়ে ফিরেননি। বিটিভি সহ অন্যান্য চ্যানেলে প্রচারের জন্য নাটক নির্মাণের জন্য বেশ কয়েকজন পরিচালক যোগাযোগও করেছিলেন আবুল হায়াতের সঙ্গে। কিন্তু শেষমেষ আবুল হায়াত তাদের বিনয়ের সঙ্গে ফিরিয়ে দিয়েছেন। করোনার এই ভয়াবহ পরিস্থিতিতে আবুল হায়াত আপাতত শুটিংয়ে ফিরছেন না। আবুল হায়াত বলেন, গত মার্চ-এপ্রিলে করোনার যা পরিস্থিতি ছিল বর্তমানে তারচেয়ে আরো অনেক বেশি ভয়াবহ পরিস্থিতি বিরাজমান সারা দেশে। আগে তো নিজে বাঁচি, তারপর না হয় শুটিং করা যাবে। আগে নিজের, নিজের পরিবারের নিরাপত্তার কথা ভাবাটাই জরুরি। আমি তো জুন মাসে ঘর থেকেই বের হচ্ছি না। চলতি জুলাই মাসেও বের হবো কি-না সেটা নিয়েও ভাবছি।
তাহলে লকডাউনের এই দিনগুলোতে বাসায় সময় কাটছে কীভাবে? এমন প্রশ্নর জবাবে আবুল হায়াত বলেন, নিজের জীবনীটা নিয়ে আবার বসেছি। আবার নিজের জীবনী লিখছি। আপাতত নিজের জীবনীর নাম দিয়েছি ‘রবিপথ’। আমার ডাক নাম যেহেতু রবি—তাই রবিপথ নামটিই রেখেছি। হয়তো আগামীতে নামটি পরিবর্তনও হতে পারে। নিজের জীবনী লেখার পাশাপাশি যখন ভালো লাগছে গান শুনছি, নাটক সিনেমা উপভোগ করছি। আমার স্ত্রী, নাতি-নাতনীদের সঙ্গে আড্ডা দিচ্ছি। এভাবেই কাটছে সময়। আমি সময়টাকে ভীষণ উপভোগ করছি। জীবনে হয়তো এমন সময় আর না-ও আসতে পারে। তাই যেভাবেই আছি সেই সময়টাকেও উপভোগ করছি।