দিশাহীন দিশা

রে জা উ ল  ক রি ম  খো ক ন

 

দিশা পাটানির কপাল খুলতে খুলতে আবার জট লেগে যাচ্ছে। চলতি বছরে তার ক্যারিয়ারে অনেকগুলো টার্নিং পয়েন্ট সৃষ্টির সম্ভাবনা থাকলেও তা থমকে গেছে বিদ্যমান পরিস্থিতির কারণে। বৈশ্বিক মহামারী করোনার ব্যাপক বিস্তার বলিউড তথা বিনোদন শিল্পে মারাত্মক বিপর্যয় সৃষ্টি করেছে। নতুন সিনেমা তৈরির কাজ যেমন বন্ধ হয়ে গেছে, একইভাবে সিনেমা হল বন্ধ থাকায় নতুন ছবির মুক্তিও থেমে আছে। এ বছরের প্রথম দিকে গত ফেব্রুয়ারিতে মুক্তি পেয়েছিল দিশা অভিনীত ‘মালাঙ’ ছবিটি। ‘মালাঙ’ ছবিতে দিশার আবেদনময় গ্ল্যামারাস পর্দা উপস্থিতি দর্শকদের হূদয়ে ঝড় তুলেছে। এ ছবিটির বক্স অফিস রিপোর্টও ছিল বেশ সন্তোষজনক কিন্তু ততদিনে করোনা মহামারীর বিস্তার ঘটতে শুরু করেছে। উদ্ভুত পরিস্থিতিতে সিনেমা হল বন্ধ হয়ে যাওয়ায় ‘মালাঙ’ ছবিটির সাফল্য প্রত্যাশা অনুযায়ী তুঙ্গে পৌঁছুতে পারেনি। যা এ ছবির নায়িকা দিশা পাটানির জন্য এক ধরনের অপ্রত্যাশিত ধাক্কা হিসেবে বিবেচনা করা যায়। ‘মালাঙ’ ছবির সাফল্য তাকে আরো অনেকদূর এগিয়ে নিতে যেতে পারতো। করোনা মহামারীর বিস্তার ঘটনার প্রাথমিক পর্যায়ে গত মার্চে মুক্তি পায় ‘বাগি থ্রি’ ছবিটি। অ্যাকশন ধাঁচের ছবিটিতে দিশা একটি আইটেম সং ‘ডু ইয়্যু লাভ মি’ পারফর্ম করেছেন। এখানেও দুর্দান্ত লেগেছে। যারা ছবিটি দেখেছেন তারা একবাক্যে স্বীকার করেছেন দিশার ক্যারিয়ারের বড় ধরনের আলোড়ন হিসেবে বিবেচিত হতে পারবো ‘বাগি থ্রি’ ছবিটি। যদিও এ ছবিতে তিনি মাত্র একটি আইটেম সং-এ পারফর্ম করেছেন। তবে বাগি ফ্রাঞ্চাইজির দ্বিতীয় ছবির নায়িকা ছিলেন তিনি। ‘বাগি টু’ ছবিতে দিশার চমত্কার অভিনয় সবার প্রশংসা কুড়িয়েছে। করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় ‘বাগি থ্রি’ ছবিটির প্রদর্শনী মাঝপথে থেমে যায়। এভাবে ক্যারিয়ারে আরেকটি ধাক্কা লাগে দিশা পাটানির। গত রোজার ঈদে মুক্তির জন্য নির্ধারিত ছিল ‘রাধে’ ছবিটি। এখানে সালমান খানের বিপরীতে নায়িকা চরিত্রে অভিনয় করেছেন দিশা। সবকিছুই ঠিকঠাক মতো চলছিল। যখন এ ছবির কাজ শেষ পর্যায়ে তখন করোনার ছোবল গোটা বিশ্বকে স্থবির করে দেয়। ‘রাধে’ ছবিটি উদ্ভুত পরিস্থিতিতে শেষ পর্যায়ে এসে থেমে গেছে। তার অভিনীত আরেকটি সিনেমা ‘কেটিনা’ আগামী বছরের প্রথমদিকে মুক্তির পরিকল্পনায় থাকলেও করোনা মহামারীর কারণে বর্তমানে এর কাজ বন্ধ রয়েছে। একতা কাপুর প্রযোজিত ‘কেটিনা’ ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন দিশা। পরিস্থিতি কবে নাগাদ সিনেমার শুটিং করার মতো উপযোগী হবে বলা যাচ্ছে না। এর মধ্যে তার আরেকটি নতুন সিনেমা ‘এক ভিলেন টু’তে জন আব্রাহাম, আদিত্য রায় কাপুর ও তারা সুতারিয়ার সঙ্গে কাজ শুরু করার কথা ছিল। বর্তমানে ছবিটির কাজ শুরু আয়োজন করা সম্ভব হচ্ছে না। ‘এম এস ধোনি : দ্য আনটোল্ড স্টোরি’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছিল দিশা পাটানির। গত বছর ‘ভারত’ ছবিতে তাকে দেখা গেছে গুরুত্বপূর্ণ চরিত্রে। চলতি বছরে দিশার ক্যারিয়ার আরো অনেকটা এগিয়ে থাকার সম্ভাবনা থাকলেও এখন তিনি প্রায় দিশাহীন হয়ে পড়েছেন বিদ্যমান পরিস্থিতির কারণে।