ফরিদপুরে রিমান্ড শেষে জেলহাজতে বরকত ও রুবেল

ফরিদপুরে রিমান্ড শেষে শহর আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত ও ফরিদপুর প্রেসক্লাবের অব্যহতিপ্রাপ্ত সভাপতি ইমতিয়াজ হাসান রুবেলকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। আজ বুধবার (১জুলাই) বিকালে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা বলেন, ‘ফরিদপুর-৩ আসনের সাংসদ মোশাররফ হোসেনের বাড়ি থেকে ডলার চুরির মামলায় বরকত এবং একটি চাঁদাবাজির মামলায় তার ভাই রুবেলকে গত মঙ্গলবার বিকালে এক দিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত। বুধবার রিমান্ড শেষ হলে এদিন দুপুরেই ওই দুই ভাইকে ফরিদপুরের এক নম্বর আমলী আদালতের বিচারিক হাকিম মো. ফারুক হোসাইন এর আদালতে হাজির করা হয়। আদালতে চাঁদাবাজির মামলায় ইমতিয়াজ হাসান রুবেল ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।’ 

তিনি বলেন, ‘জবানবন্দি শেষে আদালতের নির্দেশে বরকত ও রুবেলকে জেলহাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে।’ 

পুলিশ সুপার আলিমুজ্জামান বলেন, ‘পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ঢাকার কাফরুল থানায় বরকত ও রুবেল দুই ভাইয়ের নামে দুই হাজার কোটি টাকার মানি লন্ডারিং করার অভিযোগে যে মামলা দায়ের করেছেন সেই মামলায় তাদের শোন এরেস্ট দেখানো হয়েছে।’

আরো পড়ুন: চালের মূল্যবৃদ্ধির চেষ্টা করলে কঠোর অবস্থানে যাবে সরকার

এর আগে গত ৭ জুন রাতে জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহার বাড়িতে হামলার মামলার আসামি হিসেবে শহরের বদরপুরসহ বিভিন্ন মহল্লায় অভিযান চালিয়ে পুলিশ বরকত, রুবেলসহ নয়জনকে গ্রেফতার করে।

উল্লেখ্য, গত ১৬ মে রাতে জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহার বাড়িতে দুই দফা হামলার ঘটনা ঘটে। সুবল সাহার বাড়ি শহরের গোয়ালচামট মহল্লার মোল্লা বাড়ি সড়কে অবস্থিত। এ ঘটনায় গত ১৮ মে সুবল সাহা অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে ফরিদপুর কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেন।

ইত্তেফাক/এএএম