তিন মাস বন্ধ থাকার পর ফের ইরান থেকে গ্যাস আমদানি শুরু করেছে তুরস্ক। স্থানীয় সময় বুধবার দুপুরের পর থেকে তুরস্কের কাছে গ্যাস রপ্তানি শুরু করছে বলে জানিয়ে ইরানের জাতীয় গ্যাস কোম্পানির (এনআইজিসি) প্রেরণ বিভাগের তত্ত্বাবধায়ক মোহাম্মদ রেজা জোলাই। খবর সংবাদ সংস্থা ইরান প্রেসের।
ইরানের জাতীয় গ্যাস কোম্পানির মুখপাত্র মোহাম্মাদ আসকারি জানান, বুধবার বিকেলে তুরস্কে ইরানের গ্যাস রফতানি আবার শুরু করা হয়েছে। তুরস্কে বিস্ফোরণের ফলে ক্ষতিগ্রস্ত গ্যাস পাইপ লাইন পুরোপুরি মেরামতের পর গ্যাস সরবরাহ শুরু করছে দেশটি।
জানা যায়, গত ৩১ মার্চ ইরান-তুরস্ক গ্যাস পাইপলাইনে এক বিস্ফোরণের ঘটনা ঘটে। যার ফলে আঙ্কারা গ্যাস আমদানি বন্ধ রেখেছিল। ইরান থেকে গ্যাস আমদানির ২৫ বছর মেয়াদি চুক্তি থাকলেও পাইপ লাইন মেরামতে বিলম্বের কারণে এই প্রক্রিয়া বন্ধ ছিল।
১৯৯৬ সালে স্বাক্ষরিত ২৫ বছর মেয়াদি চুক্তি অনুযায়ী ইরান-তুরস্ক গ্যাস পাইপ লাইন দিয়ে আঙ্কারার কাছে বছরে এক হাজার কোটি ঘনমিটার গ্যাস রপ্তানি করে তেহরান।
আরও পড়ুন: সীমান্তে চীনের অনুপ্রবেশ রোধে ভারতকে সমর্থন দিল তিব্বতি সংগঠন
ইরানের জাতীয় গ্যাস কোম্পানির হাসান মোনতাজের তুরবাতি বলেছেন, ইরান বর্তমানে ইরাক, তুরস্ক, আর্মেনিয়া ও আজারবাইজানের নাখজাওয়ান এলাকায় গ্যাস রপ্তানি করছে। ইরানের জাতীয় গ্যাস কোম্পানির দৈনিক ৯০ কোটি গ্যাস উত্তোলনের সক্ষমতা রয়েছে।
ইত্তেফাক/আরআই