দল জিতেছিল সিরিজ। দুর্দান্ত ব্যাটিংয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন সুনীল গাভাস্কার। ১৯৭৮-৭৯ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই টেস্ট সিরিজ জয়ের পরও তার অধিনায়কত্ব কেড়ে নেওয়া হয়েছিল। দেশের মাটিতে ছয় ম্যাচের সেই সিরিজ ১-০ ব্যবধানে জিতেছিল ভারত। গাভাস্কার চার সেঞ্চুরিতে ৯১.৫০ গড়ে করেছিলেন ৭৩২ রান। সিরিজে আর কারো রান ৬০০ স্পর্শ করেনি। কিন্তু সিরিজের পরপরই গাভাস্কারকে সরিয়ে অধিনায়কত্ব দেওয়া হয় শ্রীনিবাস ভেঙ্কটরাঘবনকে।
সোমবার মিড-ডেতে নিজের কলামে গাভাস্কার লেখেন, নেতৃত্ব হারানোর কারণ গত চার দশকেও তিনি খুঁজে পাননি, ‘ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারত সিরিজ জিতেছিল, সিরিজে ৭০০-এর বেশি রান করেছিলাম আমি, এরপরও আমাকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। আমি এখনো এর কারণ জানি না।’
ইত্তেফাক/এএম