লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় আহত দৃষ্টিপ্রতিবন্ধী কলেজছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কস্থ চুনতি এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত কলেজ ছাত্র দৃষ্টিপ্রতিবন্ধী মোহাম্মদ এমরান (১৮) মারা গেছেন।

বুধবার বেলা সাড়ে বারোটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে লোহাগাড়া উপজেলার চুনতি বাগানপাড়া এলাকার শফিউল আলমের পুত্র এবং লোহাগাড়া আলহাজ্ব মোস্তাফিজুর রহমান কলেজের ছাত্র।

জানা যায়, গত ২৮ জুন রাতে চট্টগ্রাম-কক্সবাজার সড়কের চুনতি ফায়ার সার্ভিস অফিসের সামনে  অজ্ঞাত গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয় এমরান। দুর্ঘটনায় তার দুই পা মারাত্মক জখম হলে তাকে দ্রুত কক্সবাজার জেলার দুলহাজরা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়। বুধবার  দুপুরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভূঁইয়া গণমাধ্যমকে জানান, লোহাগাড়ার চুনতি এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কা এমরান আহত হয়। পায়ে রক্তক্ষরণ নিয়ে তাকে ডুলহাজরা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে চিকিৎসকরা তাকে চমকে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরে সে মারা যায়।
এ ব্যাপারে দোহাজারী হাইওয়ে থানার ওসি মোঃ ইয়াছির আরাফাত জানান, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ইত্তেফাক/এমআরএম