ঝিনাইদহে আরও ২৭ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে। এদের মধ্যে করোনা উপসর্গ নিয়ে দু’জনের মৃত্যুর ৫ দিন ও ৩ দিন পর নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে।
২৮ জুন করোনার উপসর্গে মারা যান কালীগঞ্জ উপজেলার হেলাই গ্রামের মোস্তাক হোসেন ও ৩০ জুন মারা যান আব্দুর রশিদ। বৃহস্পতিবার তাদের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে।
করোনা আক্রান্ত হয়ে কোটচাঁদপুর উপজেলার কুশনা গ্রামের আয়েন উদ্দিন নামে একজন মারা গেছেন। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হলো। আর জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৩৬ জন।
সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম জানান, নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৯ জন, শৈলকূপা উপজেলায় ২ জন, কালীগঞ্জ উপজেলায় ১৪ জন, হরিনাকুন্ডু উপজেলায় ১ জন ও মহেশপুর উপজেলায় ১ জন রয়েছে। তাদের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। তিনি জানান, মানুষ স্বাস্থ্যবিধি না মানায় জেলায় করোনা সংক্রমণের সংখ্যা বাড়ছে।
এদিকে করোনা সংক্রমণের সংখ্যা ক্রমাগত বাড়লেও মানুষ পরোয়া করছে না। হাট বাজারে মানুষের ভিড় বেড়েছে। কেউ স্বাস্থ্যবিধি মানছে না। এমনকি অনেকে মাস্ক ব্যবহার করছে না। সামাজিক দূরত্ব বজায় রাখার তোয়াক্কা করছে না। দোকানে গা ঘেঁষে কেনাকাটা করছে। দেখে মনে হচ্ছে প্রশাসন হাল ছেড়ে দিয়েছে।
জেলা প্রশাসক সরোজ কুমার নাথ বলেন, মানুষ কোন ভাবেই সচেতন হচ্ছে না। তাদেরকে বুঝিয়ে ঘরে রাখা যাচ্ছে না। স্বাস্থ্যবিধি না মানার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে প্রতিদিনই জরিমানা করা হচ্ছে। গতকালও ১৫ জনকে স্বাস্থ্যবিধি না মানায় ১৫ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়েছে।
ইত্তেফাক/এমআরএম