বিশ্ব ক্রীড়া সাংবাদিকতা দিবস উপলক্ষে দেশের প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সব ক্রীড়া সাংবাদিকদের শুভেচ্ছা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। ১৯৯৫ সাল থেকে ২ জুলাইকে বিশ্ব ক্রীড়া সাংবাদিকতা দিবস ঘোষণা করা হয়। তখন থেকেই বিশ্বের প্রতিটি দেশের মতোই বাংলাদেশেও দিবসটি উদযাপন করা হয়।
ক্রীড়া সাংবাদিকদের দিবসে এক শুভেচ্ছা বার্তায় ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘আধুনিক বিশ্বে ক্রীড়া সাংবাদিকতার ভূমিকা এবং গুরুত্ব অপরিসীম । ক্রীড়া সাংবাদিক এবং লেখকরা হলেন ক্রীড়াঙ্গনের চোখ, মানুষের শব্দ এবং কণ্ঠস্বর। ক্রীড়া সাংবাদিকতা আর ক্রীড়াঙ্গন অঙ্গাঙ্গিভাবে জড়িত। একটি বাদ দিয়ে অন্যটি ভাবা যায় না। আমি বিশ্ব ক্রীড়া সাংবাদিকতা দিবসে দেশের সকল ক্রীড়া সাংবাদিকদের আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।’
ক্রীড়া সাংবাদিকতার মাধ্যমে বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকরা দেশের খেলাকে আরো উঁচুতে নিতে প্রচেষ্টা অব্যাহত রাখবেন বলেও মনে করেন প্রতিমন্ত্রী।
স্বাধীন বাংলাদেশের ক্রীড়ার উন্নয়নেও ক্রীড়া সাংবাদিকদের ধারাবাহিক অনন্য অবদানের কথা স্মরণ করে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকরা এখন দেশের সীমানা ছাড়িয়ে বিচরণ করছেন দেশের বাইরেও। বহির্বিশ্বে তারা দেশের ক্রীড়াঙ্গনের দূত হিসেবে কাজ করছেন। আমি দেশের সকল ক্রীড়া সাংবাদিকের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি তাদের সার্বিক সাফল্য কামনা করছি।
ইত্তেফাক/এসআই