দ্রুতই মাঠে ক্রিকেট ফেরাতে কাজ শুরু করেছে বিসিবি

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস পরবর্তী মাঠে ক্রিকেট ফেরাতে তোড়জোড় শুরু করেছে বিসিবি। সেই লক্ষ্যে দেশের প্রধান প্রধান আন্তর্জাতিক ও প্রথম শ্রেণীর ভেন্যু রক্ষণাবেক্ষণের কাজ অব্যাহত চলছে। ১০০ জনেরও বেশি গ্রাউন্ডসম্যান ও ভেন্যু কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে, তারা যেন নিয়মিত কার্যক্রমের আওতায় স্ব স্ব স্টেডিয়ামের পিচ, আউটফিল্ড ও অন্যান্য অবকাঠামোগুলো সক্রিয় রাখেন।

বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মাঠে ক্রিকেট ফেরাতে মাঠ ঠিক রাখতে নিয়মিত কার্যক্রমের মধ্যে রয়েছে পানি দেয়া, ঘাস কাটা ও ট্রিমিং করা, অবকাঠামো জীবাণুমুক্ত রাখা, ড্রেসিংরুম প্রস্তুত রাখা, নিয়মিত বারমুডা ঘাস রোপণ করা, মাঠের স্যাঁতস্যাঁতে ভাব দূর করা, রোলিং করা এবং সেন্ট ফিলিং করা। 

এর বাইরে মাঠের কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি ও গ্রাউন্ডের মেশিনারিজ নিয়মিত সার্ভিসিং করিয়ে সচল রাখার প্রতিও গুরুত্বারোপ করা হয়েছে। বিদ্যুৎ ও পানি সরবরাহের কাজে নিয়োজিত টেকনিশিয়ানদেরও কাজে যোগ দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজাম উদ্দিন চৌধুরী বলেন, 'আমরা এ বিষয়ে খুবই সজাগ । কারণ বিলম্ব না করে যত দ্রুত সম্ভব ক্রিকেটারদেরকে আমরা মাঠে ফেরাতে চাই। প্রাথমিক ভাবে অনুশীলনের মাধ্যমে ক্রিকেট মাঠে ফেরাতে চাই। এই কারণে আমরা আমাদের মাঠ ও অনুশীলন স্থলকে কার্যকর এবং পুরোপুরি প্রস্তুত রাখতে চাই।'

ইত্তেফাক/এসআই