কেন্দুয়ায় করোনা আক্রান্ত প্রথম ব্যক্তির মৃত্যু

নেত্রকোনায় করোনা আক্রান্ত হয়ে আইসোলেশনে থাকা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত মো. গোলাম রব্বানী (৫০) মদন উপজেলা ভূমি অফিসে সহকারী হিসাবে কর্মরত ছিলেন। তার বাড়ি জেলার বারহাট্টা উপজেলার রায়পুর ইউনিয়নের রামপুর গ্রামে।

 

পারিবারিক সূত্রে জানা গেছে, গোলাম রব্বানী কেন্দুয়া উপজেলার বালিজুড়া গ্রামে শ্বশুরবাড়িতে স্থায়ীভাবে বসবাস করতেন। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে এখানেই মারা যান তিনি। 

 

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ২২ জুন গোলাম রব্বানীর নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়। ২৭ জুন তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। এরপর থেকেই কেন্দুয়ার বালিজুড়া গ্রামের বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছিলেন তিনি।

 

এদিকে গোলাম রব্বানীর ছেলে আবুল হাসনাত আব্দুল্লাহ জানান, বৃহস্পতিবার রাতে হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে গেলে গোলাম রব্বানীকে প্রথমে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।

 

নেত্রকোনার সিভিল সার্জন ডা. তাজুল ইসলাম খান বলেন, নেত্রকোনায় করোনা শনাক্তদের মধ্যে এটিই প্রথম মৃত্যু। এর আগে যে তিনজনের মৃত্যু হয়েছে তারা করোনার উপসর্গ নিয়ে মারা গিয়েছিলেন।

 

ইত্তেফাক/এএম