কুমিল্লা ও মেহেরপুরে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধ’ হয় পুলিশ ও মাদক ব্যবসায়ীদের মধ্যে। মেহেরপুরে বন্দুকযুদ্ধ হয় দুইদল মাদক ব্যবসায়ীর মধ্যে।
কুমিল্লা প্রতিনিধি ঃ কুমিল্লা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও থানা পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সাইফুল ইসলাম (২২) নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। গত বুধবার রাতে জেলার আদর্শ সদর উপজেলার মনাগ্রাম এলাকায় এই ঘটনা ঘটে। এসময় তিনজন পুলিশ আহত হয়েছেন। সাইফুল আদর্শ সদর উপজেলার জোড়ামেহের গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি রিভলবার ও ৩০০ পিস ইয়াবা উদ্ধার করেছে।
জেলা ডিবি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন মৃধা জানান, পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী সাইফুল ও তার সহযোগীরা আদর্শ সদর উপজেলার মনাগ্রাম এলাকা দিয়ে মাদকের চালান নিয়ে যাচ্ছে এমন খবর পেয়ে ডিবি ও কোতয়ালী মডেল থানা পুলিশের টিম মনাগ্রাম এলাকায় অবস্থান নেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী সাইফুলের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে সাইফুল গুলিবিদ্ধ হয়। তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে নেওয়ার পর রাতে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
কোতয়ালী মডেল থানার ওসি মোহাম্মদ আবু সালাম মিয়া পিপিএম জানান, সাইফুলের বিরুদ্ধে অস্ত্র ও মাদকসহ বিভিন্ন অভিযোগে থানায় পাঁচটি মামলা রয়েছে।
মেহেরপুরে দুইপক্ষের গোলাগুলিতে
মাদক ব্যবসায়ী নিহত
মেহেরপুর প্রতিনিধি ঃ মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা সীমান্ত এলাকায় মাদক ব্যবসায়ীদের দুইপক্ষের গোলাগুলিতে মুসাইদ হোসেন (৩৭) নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোর ৩টার দিকে এ ঘটনা ঘটে। মুসাইদ হোসেন মেহেরপুর শহরের পৌর কলেজ পাড়ার মসলেম উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে মাদকের ১৬টি মামলা রয়েছে।
পুলিশ ঘটনাস্থল থেকে তার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে। এ সময় সেখান থেকে একটি ওয়ান শুটারগান ও ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম জানান, বৃহস্পতিবার ভোররাতের দিকে বুড়িপোতা গ্রামের একটি লিচু বাগানে গোলাগুলির শব্দ হচ্ছিল। খবর পেয়ে পুলিশের একটি দল ওই স্থানে পৌঁছানোর আগেই গোলাগুলি বন্ধ হয়ে যায়। পরে পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে মাদক ব্যবসায়ী মুসাইদের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, মাদক ব্যবসায়ীদের মধ্যে আন্তঃকোন্দলের কারণে গোলাগুলির ঘটনা ঘটেছে।
মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, মুসাইদ দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসার সাথে জড়িত।