চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের গুলিতে কৃষক নিহত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে জাহাঙ্গীর (৪০) নামে এক কৃষক বিএসএফের গুলিতে নিহত হয়েছেন। উপজেলার তেলকুপি সীমান্তে শনিবার সকালে এ ঘটনা ঘটে। জাহাঙ্গীর শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি গ্রামের আয়নালের ছেলে। 

নিহতের ভাতিজা মাসুদ জানান, তার চাচা জাহাঙ্গীর সকালে সীমান্ত এলাকায় ঘাস কাটছিলেন। এ সময় ভারতের শ্বশানী গোপালনগর ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলি করলে তিনি মারা যান। পরে বাংলাদেশের অভ্যন্তরে তার মরদেহ ফেলে দেয় বিএসএফ।

শাহবাজপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড ইউনিয়ন সদস্য মোফাজ্জল হোসেন বিএসএফের গুলিতে জাহাঙ্গীরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান বলেন, বিএসএফের গুলিতে একজন মারা যাবার ঘটনা শুনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।


ইত্তেফাক/আরকেজি