মসজিদ ও মাদ্রাসা কমিটির বিরোধকে কেন্দ্র করে ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের আবুপুর গ্রামের মিয়াজি বাড়ীর হাবিবকে সপরিবারে আগুনে পুড়িয়ে হত্যা চেষ্টার ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। শনিবার (০৪ জুলাই) দুপুরে ফেনী পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ফেনী পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আতোয়ার রহমান, গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) এএনএম নূরুজ্জামান, এসআই মো. মোতাহার হোসেনসহ পুলিশ বিভাগের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
জানা যায়, মসজিদের ইমাম নিয়োগের বিষয়ে কমিটির অপরাপর সদস্যদের সাথে হাবিব মিয়াজির দ্বন্দ্ব হয়। এরই জেরে গত ২১ জুন মধ্যরাতে তার ঘরে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় নিচতলায় থাকা একটি মোটরসাইকেল পুড়ে গেলেও প্রাণে রক্ষা পায় সে ও তার পরিবার। পরদিন হাবিব মিয়াজী বাদী হয়ে ফেনী মডেল থানায় অভিযোগ দেন।
সেই অভিযোগের ভিত্তিতে শুক্রবার (৩ জুলাই) রাতে জড়িত তিনজনকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, স্থানীয় রুহুল আমিন মাস্টারের ছেলে মো. আশরাফ আলী রুমন (৩২), জিয়াউল হকের ছেলে মো. আবুল কাশেম ফোরকান (৩৮) ও কান্তর আলীর ছেলে মো. জহিরুল ইসলাম বাবুল(৩৫)। তাদের আদালতে সোপর্দ করে রিমান্ড আবেদন করা হবে।
ফেনী পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী বলেন, শর্শদীর আবুপুরে বাদীর বাসায় কলাপসিবল গেটে তালা লাগিয়ে ভিতরে আগুন দিয়ে তার পরিবারকে হত্যার চেষ্টা করে। ঘটনার পর থেকে তদন্ত করে ৩ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের আদালতের মাধ্যমে রিমান্ডে আনা হলে আরো তথ্য জানা যাবে।
ইত্তেফাক/এমআর