মোবাইল নিয়ে দ্বন্দ্ব, ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

নরসিংদীর শিবপুর উপজেলায় মোবাইল ফোন নিয়ে দ্বন্দ্বের জের ধরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন। শনিবার (৪ জুলাই) ভোরে উপজেলার শাষপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত ওই বড় ভাইয়ের নাম মোহাম্মদ আলী বিজয় ওরফে রিফাত (১৭)। সে উপজেলার শাষপুর (শহীদ মিনার সংলগ্ন) এলাকার আব্দুর রশিদের ছেলে। 

পুলিশ জানায়, নিহতের ছোট ভাই হিমেল (১৫) নিজের টাকা দিয়ে একটি মোবাইল ফোন কেনার তিন দিন পর মোবাইলটি হারিয়ে যায়। এতে হিমেল তার বড় ভাই রিফাতকে সন্দেহ করে এবং তাদের মধ্যে ঝগড়া বিবাদ চলে আসছিল। এর জের ধরে শনিবার ভোরে নিজ বাড়িতে হিমেল তার বড় ভাই রিফাতকে গলাটিপে শ্বাসরুদ্ধ করে হত্যা করে। হত্যার পর সে প্রথমে তার চাচাকে খুনের ঘটনা জানায় এবং বাড়ি থেকে পালিয়ে যায়। খবর পেয়ে শিবপুর মডেল থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়।

আরো পড়ুন: ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণের সুযোগ, বজায় রাখতে হবে শারীরিক দূরত্ব

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করলে তদন্তপূর্বক যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

ইত্তেফাক/এএএম