তানোরে নতুন করে করোনায় আক্রান্ত ৬ জন

রাজশাহীর তানোরে করোনায় স্বামী আক্রান্তের ৩দিন পর স্ত্রীসহ নতুন করে আরও ৬ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে উপজেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৩ জনে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রোজি আরা খাতুন বিষয়টি নিশ্চিত করেছেন।

গত বুধবার ইতালি ফেরত স্বামী আক্রান্তের পর শনিবার তার স্ত্রী করোনায় আক্রান্ত হয়েছেন।আক্রান্ত অন্যরা তানোর পৌর এলাকার বাসিন্দা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, নতুন করে করোনা শনাক্ত হওয়া ওই ৬ জনের গত ২ জুলাই পৃথকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের শরীর থেকে নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ল্যাবে পাঠানো হয়। শনিবার রাতে তিন নারীসহ ছয়জনের নমুনার রিপোর্ট পজিটিভ আসে।
তানোর উপজেলার করোনায় আক্রান্তের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ জন। আক্রান্তদের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সপরিবারে বগুড়া একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক উপ সহকারী চিকিৎসক চিকিৎসাধীন রয়েছেন। আর অন্যরা সকলেই হোম আইসোলেশনে আছেন।

ইত্তেফাক/এমআরএম