অপি করিমের প্রশ্নে একাধিক প্রেম নিয়ে যা বললেন জয়া

বেসরকারি একটি টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ‘অপি’স গ্লোয়িং চেয়ার’। এটি উপস্থাপনা করেন অপি করিম। এখানে সম্প্রতি অতিথি হিসেবে হাজির ছিলেন জয়া আহসান। আলাপকালে উঠে আসে জয়া আহসানের জীবনের প্রেমের প্রশ্ন। তবে নিজের প্রিয় সহকর্মী আরেক অভিনেত্রী অপি করিমের প্রশ্নের জবাবে নিজের প্রেমজীবন সম্পর্কে অকপটে জানালেন সব কথা। ভিডিওটি অপি করিম তার ফেসবুক পেইজে পোস্ট করেছেন। তারপর সেটি বেশ আলোচনায় আসে।

আলাপের এক পর্যায়ে অপি তাকে প্রশ্ন করেন, ‘যখন যে পরিচালকের সঙ্গে আপনি কাজ তার সঙ্গে আপনাকে জড়িয়ে অনেক কথা শোনা যায়। এমনভাবে শোনা যায় যে বিশ্বাস করতে বাধ্য হতে হয়। এটা কেন? সাধারণত কোনো অভিনেত্রীর প্রেমের গুঞ্জন ছড়ায় কোনো একজন অভিনেতা বা পরিচালকের সঙ্গে অনেক বেশি কাজ করতে থাকলে। কিন্তু আপনাকে নিয়ে একাধিক পরিচালকের সঙ্গে গুঞ্জন আসে। খুব মুখরোচক গল্প হয়। সেগুলো কেন?’

অপি করিমের প্রশ্নের উত্তরে জয়া বলেন, ‘আমিও বাধ্য হচ্ছিলাম কিছুদিন আগে যখন একজন রাজনীতিবিদকে জড়িয়ে আমার প্রেমের গুঞ্জন ছড়ালো। অবাক হয়ে যাই এইসব মুখরোচক গল্পগুলো কীভাবে তৈরি হয় এবং কীভাবে ছড়ায়। আমি যখন ওই ভদ্রলোকের সঙ্গে আমার প্রেমের খবরটি শুনলাম নিজের মনেই হাসলাম। ওই ভদ্রলোকের নামও আমি ভালো করে শুনিনি। বুঝলাম যে এটা হয়তো একটা প্যাকেজ। খ্যাতি আসলে বিড়ম্বনা আসবে।

আর পরিচালকদের নিয়ে যে গুঞ্জন ছড়ায় সেটা আসলে আমি কিছু বলতে পারবো না। পরিচালকরাই ভালো বলতে পারবেন। এখন কেউ যদি আমার কাজের প্রেমে পড়ে সেটা ঠিক আছে। পেশাদারীত্ব এটা। কিন্তু কেউ যদি আমার প্রেমে পড়ে বা মানুষটার প্রেমে পড়ে সেটাতে আমার কোনো হাত নেই।’

ইত্তেফাক/বিএএফ