সোনাইমুড়িতে সন্ত্রাসীদের গুলিতে আওয়ামী লীগ নেতা আহত, ঢাকায় প্রেরণ

নোয়াখালীর সোনাইমুড়িতে সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে রবিবার রাতে গুরুতর আহত হয়েছেন উপজেলার আমিশাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম (৪০)। 

নজরুল নাওড়ি গ্রামের মহাবদ্দিন বেপারী বাড়ির মোবারক উল্লার ছেলে। তার অবস্থা সংকটাপন্ন। রাতেই তাকে নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নজরুল রাতে সোনাইমুড়ি বাজার থেকে বাড়ি আসার সময় সোনাপুর বাজার থেকে আনুমানিক ৩০০ গজ সামনে এলে তাকে হত্যার উদ্দেশ্যে আগে থেকে ওৎ পেতে থাকা উপজেলার শীর্ষ সন্ত্রাসী সাজাপ্রাপ্ত আসামি জাকির ও তার সহযোগীরা তাকে এলোপাথাড়ি গুলি করে। এতে সে গুরুতর আহত হন। মুমূর্ষু অবস্থায় লোকজন তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার আরো অবনতি হলে রাতেই তাকে ঢাকা প্রেরণ করা হয়। বর্তমানে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

আরো পড়ুন: ম্যাজিস্ট্রেটের বিয়ের খবরে স্ত্রী স্বীকৃতির দাবিতে ৩ নারী

নজরুলের পারিবারিক সূত্রে জানা গেছে, নজরুলের সারা শরীরে অন্তত ১৫ স্থানে গুলির আঘাত রয়েছে। তাকে পরিকল্পিতভাবে হত্যা করাই ছিল সন্ত্রাসীদের উদ্দেশ্য। তাকে হত্যার জন্য এক সপ্তাহ আগে রাতে এক প্রভাবশালীর বাড়িতে বৈঠক হয় এবং নজরুলকে হত্যার জন্য জাকির ও তার বাহিনীকে দায়িত্ব দেওয়া হয়। তবে নিরাপত্তার স্বার্থে ঐ প্রভাবশালীর নাম বলেনি তারা। 

সোনাইমুড়ি থানার অফিসার ইনচার্জ গিয়াস উদ্দিন জানান, খবর পেয়েই তিনি ঘটনাস্থলে যান। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। 

ইত্তেফাক/এএএম