গত কয়েক দিনে সিরাজগঞ্জে বন্যায় পানি হ্রাস পাওয়ায় যমুনার ভাঙন বৃদ্ধি পাচ্ছে। নদী ভাঙনে প্রতিদিনই বিলীন হচ্ছে গ্রাম জনপদ। সহায় সম্বল হারিয়ে অনেকেই সর্বশান্ত হচ্ছে। গত কয়েক দিনে জেলার কাজিপুর উপজেলার খুদবান্দি মৌজা ও বিয়াড়া মৌজার খুদবান্দি গ্রামে কাটাতলা নৌকা ঘাটে পানি কমার সাথে সাথে বেড়েছে ভাঙন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ৩ দিনে ৩০ হাত ভিটেমাটি ও আবাদী জমিসহ নদীতে বিলীন হয়েছে। স্থানীয় বাসিন্দা আসগর আলী জানান, ৩ দিনের ব্যবধানে এখানকার ভিটে-মাটি বা বাড়ির জায়গা নদী গর্ভে বিলীন হয়ে গেছে। ১০টি পরিবার ইতোমধ্যে ভিটা-মাটি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে।
ভূক্তভোগী আব্দুর রাজ্জাক বলেন, আমাদের বাড়ি-ঘর নদীতে বিলীন হয়ে গেছে। আমরা কোনোমতে বাড়ি-ঘর অন্যত্র নিয়ে যাচ্ছি।
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী এ কে এম রফিকুল ইসলাম জানান, বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন এবং ইতোমধ্যেই উধ্বর্তন কর্মকর্তাকে অবগত করা হয়েছে। নির্দেশনা পাওয়ার সাথে সাথে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ইত্তেফাক/এএম