খুলনায় সেই দুই পাটকল শ্রমিক নেতাকে গ্রেফতার

খুলনায় সদ্য বন্ধকৃত রাষ্ট্রায়ত্ত পাটকলের দুইজন শ্রমিক নেতাকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ধরে নেওয়ার ২০ ঘণ্টার মাথায় আগের একটি মামলায় গ্রেফতার দেখিয়েছে পুলিশ। সোমবার রাত পৌনে ১২টার দিকে তাদের দৌলতপুর থানার একটি মামলায় গ্রেফতার দেখানো হয়।

এর আগে গত রবিবার মধ্যরাতে স্টার জুট মিলের শ্রমিক ও পাটশিল্প রক্ষা যুব জোটের আহবায়ক অলিয়ার রহমান এবং প্লাটিনাম জুবিলি জুটমিলের শ্রমিক ও পাটশিল্প রক্ষা যুব জোটের উপদেষ্টা নূর ইসলামকে নিজ নিজ বাড়ি থেকে তুলে নেওয়ার অভিযোগ করে পরিবারের সদস্যরা। আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তুলে নেওয়া হলেও ঘটনার পর থেকে পুলিশ বিষয়টি অস্বীকার করে আসছিল।

তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশাররফ হোসেন জানান, ২০১৯ সালের ৪  এপ্রিল পাটকল শ্রমিকদের বিক্ষোভ থেকে নগরীর নতুন রাস্তা মোড়ের পুলিশ বক্সে হামলা ও ভাঙচুর করা হয়। ওই ঘটনায় পুলিশের দায়েরকৃত মামলায় তাদের সন্দেহভাজন হিসেবে গ্রেফতার দেখানো হয়েছে। মামলাটির তদন্ত কর্মকর্তা এসআই শাহীনুর রহমান ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে সকাল ১০টায় তাদেরকে আদালতে প্রেরণ করেন। আদালত শুনানি শেষে তাদের রিমান্ড না মঞ্জুর করে দুপুরে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।


ইত্তেফাক/আরকেজি