বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১১৯ জন মুক্তিযোদ্ধার গেজেট বাতিল করে জারিকৃত প্রজ্ঞাপন স্থগিত করেছে হাইকোর্ট। পৃথক দুটি রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি জেবিএম হাসানের নেতৃত্বাধীন একক ভার্চুয়াল বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে আইনজীবী মো. আব্দুল কাইয়ূম ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ শুনানি করেন।
গত ৭ জুন এক হাজার ১৩৪ জন বিজিবি সদস্যের গেজেট বাতিল করে সরকার। ওই গেজেটে বলা হয়, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন ২০০২ এর ৭ (ঝ) ধারা অনুযায়ী জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সুপারিশের পরিপ্রেক্ষিতে রুলস অব বিজনেস ১৯৯৬-এর শিডিউল-১ এর তালিকা ৪১-এর ৫ নম্বর ক্রমিকে প্রদত্ত ক্ষমতা বলে জামুকার ৬৬তম সভার সিদ্ধান্ত মোতাবেক স্বাধীনতা যুদ্ধের পর (১৬ ডিসেম্বর ১৯৭১ সালের) বর্ডার গার্ড বাংলাদেশ এ যোগদানকৃত মুক্তিযোদ্ধাদের এক হাজার ১৩৪ জনের নামে প্রকাশিত গেজেট বাতিল করা হলো।
আরো পড়ুন : ‘কৃষি মন্ত্রণালয়ের বৃক্ষরোপণ কর্মসূচি পুষ্টি নিরাপত্তা অর্জনে সহায়ক হবে’
বাতিলকৃতদের মধ্যে বাগেরহাটের সদর উপজেলার বেগুরগাতি গ্রামের মোল্লা মোশাররফ হোসেনসহ ৮৭ জন এবং টাঙ্গাইলের সদর উপজেলার বেথবাড়ীর ফজলুল হকসহ ৩২ জন এ দুটি রিট করেন। ওই রিটের শুনানি নিয়ে হাইকোর্ট এ আদেশ দেয়। আব্দুল কাইয়ূম জানান, গেজেট বাতিল আইনানুগ না হওয়ায় সংক্ষুব্ধ ব্যক্তিগণ এ রিট করেছেন।