পরকীয়ায় জড়িয়ে পড়া যুগলের নিথর দেহ মিললো একই রশিতে

বরিশালের উজিরপুর উপজেলার উপজেলার জল্লা ইউনিয়নের সিমান্তবর্তী ইন্দুরকানি গ্রামে আম গাছের সাথে একই রশিতে ফাঁস লাগিয়ে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে প্রিন্স (২৫) ও তৃষ্ণা (১৭) নামে এক প্রেমিক যুগলকে। মঙ্গলবার ভোরে থানা পুলিশ তাদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ওই উপজেলার জল্লা ইউনিয়নের ইন্দুরকানি গ্রামের প্রিন্স নামের বিবাহিত এক যুবক গত দুই মাস ধরে একই গ্রামের তৃষ্ণার (১৭) নামের এক কিশোরীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে যান। এ নিয়ে দুই পরিবারের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। পুলিশের ধারণা, পারিবারিক কলহ থেকে মুক্তি পেতে সোমবার রাতের কোনো এক সময় ওই প্রেমিক যুগল একসঙ্গে গাছে ঝুলে গলায় ফাঁস নেয়। তবে বিষয় আত্মহত্যা নাকি হত্যা তা তদন্ত করেছে পুলিশ। 

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) হেলাল উদ্দিন জানান, ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া প্রিন্সের মুঠোফোনে তার লেখা একটি ক্ষুদে বার্তা পাওয়া গেছে। এতে লেখা রয়েছে, ‘আমরা স্বেচ্ছায় আত্মহত্যা করেছি। আমাদের মৃত্যুর পরে আমার এই মোবাইল ফোনটি যে পাবেন তার কাছে অনুরোধ আমাদের দুই জনকে যেন এক সঙ্গে এক কবরে সমাধিস্থ করা হয়।’ 

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ জিয়াউল আহসান বলেন, মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেওয়া ও ঘটনা তদন্ত করা হবে। 

ইত্তেফাক/এসি