ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারোর করোনা থেকে দ্রুত আরোগ্য লাভের সুস্থতা কামনা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বার্তা পাঠিয়েছে।
ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে ডব্লিউএইচও’র জরুরি বিভাগের পরিচালক মাইকেল রায়ান বলেন, ‘আমরা বলসোনারো ও তার পরিবারের মঙ্গল কামনা করছি।’
সেইসঙ্গে তিনি বলেন, ‘এই ভাইরাসের ক্ষেত্রে কেউ স্পেশাল নয়। আমরা সকলে ভাইরাসটিতে আক্রান্তের সম্ভাব্য ঝুঁকিতে রয়েছি।’
গতকাল মঙ্গলবার ব্রাজিলের প্রেসিডেন্ট নিজেই করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেন। এর আগে বলসেনারো করোনা নিয়ে ঠাট্টা করেন এবং তিনি বলেন এটা গুরুতর কিছু না।
করোনা নিয়ে প্রথম থেকেই উদাসীন ছিলেন বলসোনারো। করোনাকে একটি ছোট ফ্লু বলেও আখ্যা দিয়েছিলেন তিনি। সেইসঙ্গে করোনা ভাইরাসের প্রকোপ ঠেকাতে জারি করা লকডাউনের ঘোর বিরোধি ছিলেন বলসোনারো। পাশাপাশি করোনাকালে মাস্ক পরা নিয়েও অনীহা ছিলো।
দেশটিতে করোনায় এখন পর্যন্ত প্রায় ৬৭ হাজার মানুষ মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ১৭ লাখ মানুষ। বিশ্বে আক্রান্ত ও মৃতের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে ব্রাজিল। দেশটিতে প্রতিনিয়ত হু হু করে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা।
ইত্তেফাক/এসআর