করোনাকালে লকডাউনের কারণে জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী তিন মাসেরও বেশি সময় অভিনয় করেননি। সর্বশেষ ১৮ মার্চ মিজানুর রহমান আরিয়ানের নির্দেশনায় ‘কেমন আছেন ফ্রিল্যান্সার নাদিয়া’ নাটকে অভিনয় করেছিলেন এই অভিনেত্রী। যেহেতু কোরবানির ঈদ খুব কাছেই চলে এসেছে, নির্মাতাদেরও তাকে নিয়ে নাটক নির্মাণের প্রবল আগ্রহ রয়েছে—সে কারণে মেহজাবিনকে অভিনয়ে ফিরতেই হচ্ছে। মূলত দর্শককে নতুন নাটক উপহার দেওয়া এবং নির্মাতাদের আগ্রহেই মেহজাবিন বিরতির পর অভিনয়ে ফিরছেন। যার নাটকে তিনি সর্বশেষ অভিনয় করেছিলেন সেই মিজানুর রহমান আরিয়ানেরই একটি নাটকে অভিনয়ের মধ্যদিয়ে মেহজাবিন নতুন করে কাজ শুরু করতে যাচ্ছেন। কিন্তু এই একটি নাটকের কাজ শেষ করে মেহজাবিন একটু সময় নেবেন।
এ প্রসঙ্গে মেহজাবিন বলেন, আপাতত শুধুমাত্র মিজানুর রহমান আরিয়ান ভাইকেই একটি নাটকের কাজের জন্য সময় দিয়েছি। অনেকেই করোনার এই ভয়াবহ সময়টাতে স্বাস্থ্যবিধি মেনে কাজ করছেন। আমিও স্বাস্থ্যবিধি মেনেই নাটকের কাজ করব। একটি নাটক করার পর যদি বুঝতে পারি স্বাস্থ্যবিধি ভালোভাবে মেনেই কাজ করা হচ্ছে, তাহলে হয়তো পরবর্তী সময়ে অন্য পরিচালকদের সিডিউল দেওয়া যেতে পারে। মূলকথা, একটি কাজ করে আমি একটু বুঝে নিতে চাই যে করোনার এই ভয়াবহ সময়টাতে আদৌ কাজে নিয়মিত হওয়া যাবে কি না। যদি সবকিছু ঠিকঠাকমতো হয় এবং আমার ভেতরে কাজ করা নিয়ে কোনোরকম শঙ্কা কাজ না করে তাহলেই কাজে নিয়মিত হবো। বাকিটা আল্লাহ ভরসা।
মেহজাবিন আরও জানান, লকডাউনের দিনগুলোতে তিনি তার নিজের ইউটিউব চ্যানেলের জন্য বেশকিছু ভিডিও তৈরি করেছেন। সেই কাজগুলোর জন্য তিনি বেশ সাড়া পাচ্ছেন।
গত ঈদে মেহজাবিন তার অভিনীত ‘উপহার’ এবং ‘ফটোফ্রেম’ নাটক দুটোতে অভিনয়ের জন্য বেশি সাড়া পাচ্ছেন। ‘উপহার’ নির্মাণ করেছেন মিজানুর রহমান আরিয়ান এবং এতে তার বিপরীতে আছেন আফরান নিশো। ‘ফটোফ্রেম’ নির্মাণ করেছেন মহিদুল মহিম। এতেও তার বিপরীতে আছেন আফরান নিশো।