‘এন্ড্রু দা আমার বড় ভাইয়ের মতো ছিলেন’

এন্ড্রু দা। আমার বড় ভাই, একজন বন্ধু এবং একজন সহকর্মী। জুটি বেঁধে অনেক গান করেছি তার সঙ্গে। শুধু সিনেমায় নয়, অডিও এবং দেশ-বিদেশের মঞ্চেও। একবার দু’বার নয়, অনেক অনেক বার। তাঁর সঙ্গে গান গাইতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি। একজন আত্মবিশ্বাসী মানুষ হিসেবে দাদাকে সব সময় আপন মনে হয়েছে। সবার কাছেই তিনি আপনের মতো ছিলেন। অসংখ্য স্মৃতি আমাকে কাঁদাচ্ছে। দীর্ঘ সময় তিনি অসুস্থ ছিলেন। নিয়মিত খোঁজ নিতাম। জানতাম, দাদা ভালো নেই। তার মতো একজন শিল্পী কিংবা মানুষ খুব কমই জন্ম নেয়। গানের মাধ্যমে তিনি যা দিয়ে গেছেন তা বাংলাদেশের অনন্য সম্পদ। এন্ড্রু কিশোর ছিলেন আমাদের দেশের সম্পদ। বড়ো মাপের একজন শিল্পীকে হারালাম। এমন মানুষ কিংবা গায়ক যা-ই আমরা বলি না কেন, আসলে আমরা মূল্যবান কিছু হারালাম। এন্ড্রু কিশোরের চেয়ে ভালো শিল্পী আসতে পারে, কিন্তু দ্বিতীয় এন্ড্রু কিশোর আমরা পাব না। আমরা একজন গুণী মানুষকে হারালাম। মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা—দাদার আত্মাকে শান্তিতে রাখবেন, নিশ্চয়ই।