আগামী ২৫ জুলাই ইউরো-সিজেএফবি পারফর্মেন্স অ্যাওয়ার্ড

দেশের বর্তমান পরিস্থিতির কথা বিবেচনায় রেখে  ইউরো-সিজেএফবি পারফর্মেন্স অ্যাওয়ার্ড-২০১৯ অনলাইনে প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ৭ জুলাই সিজেএফবির বনানী কার্যালয়ে নির্বাহী কমিটির এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ২৫ জুলাই আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার তারকাদের কাছে হস্তান্তর করা হবে। এর আগেই ২০১৯-এর বছর সেরা পারফর্মার হিসেবে কারা মনোনয়ন পাচ্ছেন এবং সদস্যদের জরিপে কাদের নাম সেরা তালিকায় ওঠছে সংবাদপত্র, সোশ্যাল মিডিয়া এবং মনোনয়নপত্রের মাধ্যমে তা জানিয়ে দেওয়া হবে। পুরস্কারও নির্ধারিত সময়েই পৌঁছে দেওয়া হবে। আয়োজনটি সার্বিকভাবে সম্পন্ন করতে ইতোমধ্যেই আনুষ্ঠানিক প্রস্তুতি গ্রহণ শুরু করেছে সংগঠনের সদস্যরা। সভায় সংগঠনের সভাপতি তামিম হাসান বলেন, অন্যসব কিছুর মতই বিভিন্ন অ্যাওয়ার্ড ইভেন্ট এবং যে কোনো ফেস্টিভাল এখন সারাবিশ্বেই অনলাইনে সম্পন্ন করা হচ্ছে। আবার কবে স্বাভাবিক অবস্থায় আমরা ফিরবো সেই বিষয়ে কোনো ধারণা আপাতত নেই। সেই দৃষ্টিকোন থেকেই আমরা এবার ইউরো-সি্জেএফবি পারফর্মেন্স অ্যাওয়ার্ড ২০১৯ অনলাইনেই প্রদানের সিদ্ধান্ত নিয়েছি। মিডিয়া সংশ্লিষ্টদের নানামুখী বেদনার এই সময়ে সিজেএফবির এই পুরস্কার কিছুটা হলেও আনন্দের বিষয় হবে বলে মন্তব্য করেন সংগঠনের সাধারণ সম্পাদক খালেদ আহমেদ।

উল্লেখ্য, দেশের প্রধান জাতীয় দৈনিক, অনলাইন নিউজ পোর্টাল এবং টেলিভিশন মিডিয়ার বিনোদন সম্পাদকদের সংগঠন কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ-সিজেএফবি। ১৯৯৯ সালে প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি সাংস্কৃতিক এবং সামাজিক অঙ্গনে নানারকম কার্যক্রম পরিচালনা করে আসছে। যা সর্বমহলেই সমাদৃত।