২০১৮ সালের ডিসেম্বরে মুক্তিপ্রাপ্ত ‘জিরো’ ছবিতে সর্বশেষ তাকে দেখা গিয়েছিল। গত বছর আনুস্কা শর্মার নতুন কোনো সিনেমা আসেনি। তবে চলতি বছরের মার্চে ‘আংরেজি মিডিয়াম’ ছবিতে একটি গানের দৃশ্যে বলিউডের আরো বেশ ক’জন জনপ্রিয় অভিনেত্রীর সঙ্গে তাকে খুব অল্প সময়ের জন্য মাত্র কয়েকবার দেখা গেছে। যা তেমন উল্লেখ্য নয়। শাহরুখ খানের সঙ্গে ‘জিরো’ ছবিতে কাজ করার পর আর নতুন কোনো সিনেমায়ও কাজ শুরু করেননি বলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী। আনুস্কার নতুন কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার সংবাদও নেই। ইদানিংকার চাহিদাসম্পন্ন উচ্চ পারিশ্রমিক পাওয়া বলিউড তারকা অভিনেত্রীদের একজন হলেও তার হাতে নতুন কোনো সিনেমা নেই— এটাই হলো বাস্তব সত্যি।
তাহলে কি বেকার হয়ে পড়েছেন হিন্দি সিনেমার সুন্দরী মেধাবী এই অভিনেত্রী। ২০১৮-তে আনুস্কা শর্মাকে চারটি সিনেমায় গুরুত্বপূর্ণ নারী চরিত্রে দেখা গিয়েছিল। ‘পরী’, ‘সানজু’, সুঁই ধাগা’ ও ‘জিরো’—একই বছরে মুক্তিপ্রাপ্ত চারটি সিনেমায় ভিন্ন আঙ্গিকের চারটি আলাদা ধরনের চরিত্রে তার চমত্কার অভিনয় দর্শক-সমালোচকের প্রশংসা কুড়িয়েছিল। নিজে সুন্দরী আকর্ষণীয় গ্ল্যামারাস ইমেজে দর্শকদের কাছে জনপ্রিয় হলেও উল্লেখিত ছবিগুলোতে আনুস্কা ননগ্ল্যামরাস চ্যালেঞ্জিং রোলে দুর্দান্ত অভিনয় করেছেন।
‘সুঁই ধাগা’ ছবিতে খুব সাধারণ একজন সেলাইকর্মী তরুণী গৃহবধু এবং ‘জিরো’ ছবিতে শারীরিক প্রতিবন্ধী একজন তরুণীর ভূমিকায় তার অভিনয় ছিল অনবদ্য। ১২ বছরের ফিল্মি ক্যারিয়ারে আনুস্কা শুরু থেকেই ভালো সুযোগ পেয়ে আসছেন। ইয়াশ রাজ ফিল্মস-এর বেশ অনেকগুলো সিনেমায় কাজ করেছেন তিনি। এটা তার ক্যারিয়ারকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করিয়েছে— মানতেই হবে। বিখ্যাত ঐ প্রযোজনা সংস্থার একজন বাঁধা অভিনেত্রী হিসেবে বিবেচিত হলে এর বাইরে অন্যান্য ব্যানারের ছবিতেও অভিনয়ের সুযোগ পেয়েছেন আনুস্কা।
৩২ বছর বয়সী এই অভিনেত্রী এখন কর্মহীন, বেকার জীবনযাপন করছেন, এতো তাড়াতাড়ি তিনি নিজেকে গুটিয়ে নিয়েছেন তার কাজকর্ম থেকে— এমনটি ভেবে থাকলে ভুল করবেন। আনুস্কা বর্তমানে অভিনয়ে হয়তো ব্যস্ত নন, তবে তার ব্যস্ততা এখন প্রযোজক হিসেবে। আরো অনেক আগেই সিনেমা প্রযোজনায় এসেছেন তিনি। সাসপেন্স থ্রিলার ‘এন এইচ টেন’ ছবির মাধ্যমে তার প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ। এরপর ‘ফুলওয়ারি’, ‘পরি’ ছবিগুলো নির্মাণ করেছেন এবং ভিন্ন স্বাদের হিন্দি সিনেমা প্রযোজনার মাধ্যমে আনুস্কা সবার প্রশংসা অর্জন করেছেন। বড় পর্দায় অভিনেত্রী হিসেবে ব্যস্ত রাখার পাশাপাশি ছবি প্রযোজনার কাজটিও সামলেছেন এতদিন সুনিপুণভাবে। তবে এ কাজে তার ভাই সহযোগিতা করছেন।
হালে অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফরমের গুরুত্ব বেড়ে গেছে দর্শকদের কাছে। ফলে অনেকেই ঝুঁকছেন এ মাধ্যমের দিকে। আনুস্কাও বসে নেই। এ বছরে তার প্রযোজিত দুটি ড্রামা থিলার, হরর সিরিজ দুটি ভিন্ন জনপ্রিয় স্ট্রিমিং সাইটে দেখানো হয়েছে। নেটফ্লিক্সে দেখানো হয়েছে আনুস্কা শর্মা প্রযোজিত সুপারন্যাচারাল ড্রামা সিরিজ ‘বুলবুল’। আবার পাশাপাশি আমাজন প্রাইমে আলোড়ন তুলেছে তার আরেকটি ক্রাইম থ্রিলার সিরিজ পাতাললোক । ঘরোয়া দর্শকদের জন্য তার দুই অনবদ্য প্রযোজনা ইতিমধ্যেই দারুন আলোড়ন সৃষ্টি করেছে।