করোনা ভাইরাসে দেশের প্রথম লকডাউনকৃত মাদারীপুরের শিবচর উপজেলায় জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর ব্যক্তিগত অর্থায়নে ২০ শয্যার বিশেষায়িত করোনা আইসোলেশন কেন্দ্রে উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে নবনিযুক্ত জেলা প্রশাসক ড. রহিমা খাতুন এ উদ্বোধন করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে শিবচর উপজেলার বহেরাতলা দক্ষিণ ইউনিয়নে আলহাজ্ব আবুল কাশেম উকিল ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু হাসপাতালটিকে করোনা রোগীদের সুচিকিৎসা প্রদানের জন্য ২০ শয্যার বিশেষায়িত করোনা আইসোলেশন কেন্দ্র হিসেবে উদ্বোধন করা হয়। বিশেষায়িত আইসোলেশন কেন্দ্রটিতে স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর ব্যক্তিগত অর্থায়নে হাইফ্লো নেজাল কেনোলো থেরাপি সিস্টেম, অক্সিজেন জেনারেটর,পালস্ অক্সিমিটার, ইনফ্রাডার থাম্রোমিটার, অক্সিজেন সিলিন্ডারসহ নানাবিধ সুযোগ-সুবিধা সংযোজন করা হয়েছে। নিয়োগ দেওয়া হয়েছে ২ জন চিকিৎসক,২ জন নার্সসহ ৭ জন স্বাস্থ্য কর্মী। ১০ দিন পরপর স্বাস্থ্য কর্মীরা পরিবর্তন হয়ে ১৪ দিন হোটেলে হোম কোয়ারেন্টাইনে থাকবেন। রুগীদের খাবার ব্যবস্থাও রয়েছে। ফলে এই কেন্দ্রটি থেকে করোনা রুগীরা উন্নত চিকিৎসা পাবেন।
আরো পড়ুন: রংপুরে বজ্রপাতে সাবেক ইউপি সদস্যসহ নিহত ২
শিবচর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল লতিফ মোল্লার সভাপতিত্বে ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শশাঙ্ক চন্দ্র ঘোষ এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন-পৌর মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এম রকিবুল হাসান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম, বহেরাতলা দক্ষিণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম হাজী আবুল কাসেম উকিলের ছেলে হাজী বদরুদ্দোজা বাদরু উকিল, সাবেক প্রেসক্লাব একাংশের আহ্বায়ক ও দৈনিক ইত্তেফাক পত্রিকার সাংবাদিক প্রণব কুমার সাহা অপূর্বসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও স্বাস্থ্য কমপ্লেক্সর ডাক্তারবৃন্দ।
নবনিযুক্ত জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, ‘বিশেষায়িত এই আইসোলেশন কেন্দ্রে চিফ হুইপ স্যার যে যন্ত্রাংশ সংযোজন করেছেন তা করোনা রুগীদের জন্য অত্যন্ত জরুরি। এই ধরনের সুবিধা অনেক জেলাতেও নেই। কেন্দ্রটির পারিপার্শ্বিক পরিবেশও খুব ভাল।’
ইত্তেফাক/এএএম