ফেনীর রামপুরে দত্তক নেওয়া ৯ বছরের এক কন্যা শিশুকে দিয়ে ঝিয়ের কাজ ও নির্যাতনে রক্তাক্ত জখম করার অভিযোগে পালক মা-বাবাকে গ্রেফতার করেছে র্যাব-৭। নির্যাতনের অভিযোগ বৃহস্পতিবার পালক পিতা জামাল উদ্দিন ও মা নাজমা আক্তারকে শহরের রামপুর থেকে গ্রেফতার করা হয়।
জানা যায়, ফেনীর ফুলগাজী উপজেলার দরবরপুর ইউনিয়নের ধলিয়া গ্রাম থেকে নাজনিন আক্তারকে ৬ বছর আগে তারা দত্তক নেন। পরে তারা বাচ্চাটিকে কাজের মেয়ে হিসেবে পরিচালিত করেন। প্রায় সময় তার ওপর নির্যাতন চালানোর ফলে শরীরের বিভিন্ন স্থানে ক্ষত হয়ে গেছে। বুধবার রাতে একটি ডিম খাওয়াকে কেন্দ্র করে তার ওপর পাশবিক নির্যাতন চালায় পালক মা নাজমা আক্তার। এক পর্যায়ে তাকে ঘর থেকে তাকে বাহিরে ফেলে দেয়।
বৃহস্পতিবার দুপুরে র্যাব-৭ শিশু নির্যাতনের খবর পেয়ে শহরের রামপুর এলাকায় অভিযান চালিয়ে সাবেক কমিশনার মোস্তফার বাড়ির নিচতলা থেকে এই শিশুটিকে উদ্ধার করে। পরে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়।
নাজনিনকে উদ্ধারকারী প্রতিবেশী রুনা ইয়াসমিন জানান, শিশুটিকে নির্যাতন করে বাহিরে ফেলে রাখলে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঘরে এনে রাখা হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে রক্ত বন্ধ করা হয়।
প্রতিবেশী ও স্থানীয়রা বিচারের দাবি করে জানান, প্রায় সময় তাকে মারধর করা হতো।
র্যাব-৭ ফেনী ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক মো: নুরুজ্জামান বলেন, শিশু নির্যাতনের খবর পেয়ে ঘটনাস্থল এসে আহত শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই। অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
ইত্তেফাক/এসি