ট্রাম্পের বিরুদ্ধে রায় দিলো সুপ্রিম কোর্ট

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার আর্থিক লেনদেনের নথি নিউইয়র্কের প্রসিকিউটরদের কাছে গোপন করতে পারবেন না।

বৃহস্পতিবার এ বিষয়ে রায় দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। এর ফলে ট্রাম্পের আর্থিক নথিগুলো দেখার জন্য প্রসিকিউটরদের পথ পরিষ্কার হলো। খবর নিউইয়র্ক টাইমস। 

রায়ে বলা হয়, ট্রাম্প তার আর্থিক লেনদেনের নথি কংগ্রেসের কাছে প্রকাশ না করতেই পারেন, তবে নিউইয়র্কের প্রসিকিউটরদের কাছে তিনি তা গোপন করতে পারেন না। 

এর আগে গত বছর ডিসট্রিক্ট অব কলাম্বিয়ার ফেডারেল আদালতের বিচারক অমিত মেহতা রায়ে বলেছিলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের আর্থিক লেনদেন তদন্ত করার পুরো অধিকার মার্কিন কংগ্রেসের রয়েছে। প্রেসিডেন্ট কোনো বেআইনি কাজ করেছেন কি না, তার নজরদারি করা কংগ্রেসের এখতিয়ারের মধ্যে পড়ে। এ জন্য ট্রাম্পের আর্থিক লেনদেনের কাগজপত্র চেয়ে যে সমন তারা জারি করেছে, তাতে কোনো ভুল হয়নি।

সে সময় হোয়াইট হাউস থেকে জানানো হয়েছিলো, এই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে।

সব শেষ আজ রায় দিলো মার্কিন সুপ্রিম কোর্ট। যেখানে প্রধান বিচারপতি রবার্টস বলেন, ‘কোনও নাগরিক, এমনকি রাষ্ট্রপতি যে কেউ হোক তদন্তের জন্য নথি উপস্থাপন করা তার দায়িত্ব।’

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ট্রাম্প টুইটারে বলেন, ‘এগুলো সবই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।’

ইত্তেফাক/জেডএইচ