বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন এমপির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।
শুক্রবার এক শোকবার্তায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক দর্শন ও আদর্শ প্রতিষ্ঠায় সাহারা খাতুন এমপির অপরিসীম ত্যাগ ও গুরুত্বপূর্ণ অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
মন্ত্রী বলেন, ‘সাহারা খাতুন আজীবন বঙ্গবন্ধুর আদর্শ ও নীতিতে অটল থেকে গণমানুষের জন্য রাজনীতি করেছেন।তিনি ছিলেন একজন পরীক্ষিত সৎ, বিনয়ী ও কর্মীবান্ধব নেতা। দলের দুঃসময়ে তিনি নেতাকর্মীদের পাশে থেকে আইনীসহ সব ধরণের সহযোগিতা করেছেন।’
আরো পড়ুন : পরীক্ষিত ও বিশ্বস্ত সহযোদ্ধাকে হারালাম : প্রধানমন্ত্রী
মন্ত্রী ইমরান আহমদ বলেন, অ্যাডভোকেট সাহারা খাতুনের মতো একজন দক্ষ, অভিজ্ঞ এবং নিবেদিতপ্রাণ রাজনীতিবিদের মৃত্যুতে জাতীয় রাজনীতিতে যে শূন্যতা সৃষ্টি হলো, তা সহজে পূরণ হবার নয়।জনসেবা ও গণমানুষের অধিকার আদায়ের লড়াই-সংগ্রামে তার অসামান্য অবদানের কারণে তিনি দেশবাসীর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী প্রয়াত সাহারা খাতুন এমপির রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
ইত্তেফাক/ইউবি