রাজধানীর বনানীতে সেতু ভবনের সামনে দিয়ে সড়ক পারাপারের সময় দুর্ঘটনায় আবুল হোসেন ওরফে দুলাল (৫৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। তিনি বনানীতে একটি ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে স্টোর কিপার পদে চাকরি করতেন। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে সেতু ভবনের সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে।
দুলালের সহকর্মী শিপু সাংবাদিকদের জানান, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে আবুল হোসেন ওরফে দুলাল রাস্তা পারাপার হচ্ছিলেন। এ সময় দ্রুত গতিতে আসা একটি গাড়ি তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে তার অবস্থার অবনতি হলে তাকে সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গিলে চিকিৎসক দুপুর ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
আবুল হোসেনের ভাতিজা রাকিব হোসেন জানান, তার চাচা বনানী সেতু ভবনের ১০ম তলায় একটি কনস্ট্রাকশন কোম্পানির স্টোর কিপারের দায়িত্বে ছিলেন। তার গ্রামের বাড়ি ঝালকাঠি জেলা সদরে। তিনি উত্তরায় বসবাস করতেন।
আরো পড়ুন : তাবলিগ জামাতের ৮২ বাংলাদেশি সদস্য দিল্লিতে জামিন পেয়েছেন
বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) নওশাদ আলী জানান, কোন গাড়িতে দুর্ঘটনা ঘটেছে সেটা শনাক্ত করা যায়নি। সিসিটিভি ফুটেজ দেখে শনাক্তের চেষ্টা চলছে। এই ঘটনায় বনানী থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/ইউবি