ভারতের পাঞ্জাবের সঙ্গরুর জেলায় মালেরকোটলার মুসলিমরা অমৃতসরের স্বর্ণ মন্দিরে ৩৩ টন গম দান করেছেন। লঙ্গরখানায় মানুষের খাবার জন্য এই গম তুলে দেওয়া হয় মন্দির কর্তৃপক্ষের কাছে। আনুষ্ঠানিক ভাবে এই গম তুলে দেন ‘শিখ-মুসলিম সাঁঝা মঞ্জ’-এর সভাপতি নাসির আখতার।
অশোক সিংহ গারচা নামে এক ব্যক্তি শুক্রবার এনিয়ে এক টুইট করেছেন। গম নিয়ে আসার প্রতিনিধিদের স্বর্ণ মন্দিরে অভ্যর্থনা জানান সেখানকার চিফ ম্যানেজার মুখতিয়ার সিংহ। প্রতিনিধিদের সিরোপা এবং সাম্মানিক পোশাক তুলে দেওয়া হয়।
ছবির সঙ্গে পোস্টে অশোক লিখেছেন গম দান করার কথা। ছবিতে আরও দেখা যায়, এক দল মুসলিম সম্প্রদায়ের মানুষ লঙ্গরখানায় বসে খাচ্ছেন।
অশোক জানান, গম দান করতে আসা মুসলিম ভাইরা লঙ্গরখানায় অংশ নিয়েছেন। আর তাদের খাবার পরিবেশন করছেন শিখ সেবাদাররা।
ইতিমধ্যেই ওই ছবি ভাইরাল হয়েছে। ২৪ ঘণ্টারও কম সময়ে পোস্টটি ৪৫ হাজারের বেশি লাইক পেয়েছে। সেই সঙ্গে সমানে চলছে শেয়ার এবং কমেন্ট। আনন্দবাজার।
ইত্তেফাক/এসআর