সাভারে বকেয়া বেতন ও কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

সাভারে বকেয়া বেতন ও বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে একটি তৈরি পোশাক কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। 

রবিবার (১২ জুলাই) সকাল থেকে তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের শ্যামপুর এলাকায় দীপ্ত এ্যাপারেলস কারখানার শতশত শ্রমিক এ কর্মসূচি পালন করে। 

শ্রমিকরা জানায়, দীপ্ত এ্যাপারেলস কারখানাটির কর্তৃপক্ষ গত কয়েকদিন আগে শ্রমিকদের জুন মাসের বেতন পরিশোধ না করেই কারখানা বন্ধ করে দেয়। গতকাল রবিবার কারখানাটি খোলার কথা থাকলেও শ্রমিকরা সকালে কারখানার সামনে এসে জড়ো হলে কর্তৃপক্ষ শ্রমিকদের কারখানার ভিতরে প্রবেশ করতে দেননি। এসময় শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নিয়ে বকেয়া বেতনের দাবীতে বিক্ষোভ করতে থাকে।

কারখানাটির শ্রমিক আমেনা বেগম জানান, ঈদের আগে করোনা ভাইরাসের মধ্যে মালিকপক্ষ অন্যায় ভাবে শ্রমিকদের বেতন না দিয়ে হঠাৎ কারখানা বন্ধ করে দেওয়ায় আমরা দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছি। ঘর ভাড়া ও দোকানে বাকি থাকায় চরম ভোগান্তির মধ্যে পড়েছি আমরা।

এ বিষয়ে মালিকপক্ষের সাথে যোগাযোগ চেষ্টা করা হলেও কাউকে পাওয়া যায়নি। 


ইত্তেফাক/এমএএম