ক্রেতাদের পছন্দকে গুরুত্ব দিয়ে ও অনলাইনে কেনাকাটা করার ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে দেশের বৃহত্তম হোম ডেলিভারি নেটওয়ার্ক পেপারফ্লাই গতকাল মাস্টারকার্ড ও ইবিএল সাথে পার্টনারশিপের মাধ্যমে একটি ডিজিটাল পেমেন্ট অন ডেলিভারি সল্যুশন-‘ক্যাশলেস পে’ উদ্বোধন করেছে। যেসব ক্রেতা অনলাইনে অর্ডার দিয়ে স্বাচ্ছন্দ্যে ও নিরাপদে পণ্য নিজেদের দোরগোড়ায় পেতে চান তারা পেপারফ্লাই-এর নতুন এই ডিজিটাল পেমেন্ট সেবার মাধ্যমে এখন থেকে পণ্য গ্রহণের সময় নগদে মূল্য পরিশোধের পরিবর্তে ডিজিটাল উপায়ে মূল্য পরিশোধ করতে পারবেন। সারা দেশেই মিলবে এই সেবা। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, জুনায়েদ আহমেদ পলক প্রধান অতিথি হিসাবে আনুষ্ঠানিকভাবে ডিজিটাল পেমেন্ট- অন-ডেলিভারি সিস্টেম ‘ক্যাশলেস পে’ উদ্বোধন করেছেন। এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হুমায়ুন কবির, বেসিস-এর চেয়ারম্যান সৈয়দ আলমাস কবির এবং ই-ক্যাব-এর চেয়ারম্যান শামী কায়সার। ই-কমার্স তথা অনলাইন প্ল্যাটফর্ম ক্রেতা-ভোক্তাদের ঘরে বসেই ডিজিটাল উপায়ে নিরাপদে, স্বাচ্ছন্দ্যে ও নিশ্চিন্ত মনে নিজেদের প্রয়োজনীয় পণ্যসামগ্রী কেনার সুযোগ এনে দিয়েছে। মাস্টারকার্ডের সামপ্রতিক এক গবেষণায় দেখা যায়, সারা বিশ্বে ক্রেতারা এখন সশরীরে দোকানে বা সুপারশপে যাওয়ার চেয়ে ঘরে বসে ই-কমার্স বা অনলাইনের মাধ্যমে পণ্য কেনাকাটায় ঝুঁকছেন।