ইত্তেফাক রিপোর্ট অনিয়মের অভিযোগে রাজধানীর বিভিন্ন এলাকার ৪৩টি ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে ভ্যাট গোয়েন্দা বিভাগ। গতকাল রাজধানীর গুলশান, ইস্কাটন, বেইলি রোড, নবাবপুর, ওয়ারি, মোহাম্মদপুর ও ধানমন্ডির বিভিন্ন ফাস্ট ফুড, কসমেটিক্স, ডিপার্টমেন্টাল স্টোর, ফার্নিচার, জুয়েলারিতে অভিযান চাুলিয়ে এসব অনিয়ম বের করে ভ্যাট গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মীরা। অনিয়মের তালিকায় বেশকিছু নামকরা প্রতিষ্ঠানও রয়েছে। ভ্যাট আইনের ধারা ১৩ অনুসারে নিবন্ধন সনদ ব্যবসার প্রাঙ্গনে দৃশ্যমান স্থানে প্রদর্শনের বিধান রয়েছে। কিন্তু এসব প্রতিষ্ঠানের প্রাঙ্গনে এই সনদ পাওয়া যায়নি। ফলে অনেক ক্ষেত্রে ক্রেতাসাধারণ পণ্য বা সেবা ক্রয়ে প্রতারণার শিকার হচ্ছেন বলে অভিযোগ রয়েছে।