শিগিগরই চালু হচ্ছে না আইসিইউ

যশোর জেনারেল হাসপাতাল

আহমেদ সাঈদ বুলবুল, যশোর অফিস

যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে আইসিইউ ভেন্টিলেটর সুবিধা শিগগিরই চালু হচ্ছে না। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এরই মধ্যে ছয়টি আইসিইউ ভেন্টিলেটর আসলেও আসেনি আইসিইউ বেড এবং মনিটর। কেন্দ্রীয় অক্সিজেন ব্যবস্থা কবে নাগাদ চালু হতে পারে সে ব্যাপারেও রয়েছে ধোঁয়াশা। তবে এরই মধ্যে চলছে হাসপাতালের আইসিইউ ইউনিট স্থাপনের প্রয়োজনীয় সংস্কার কাজ। স্বাস্থ্যবিভাগ জানায়, হাসপাতালে বেশ কিছু করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে রোগী এসেছেন যাদের আইসিইউ সাপোর্টের প্রয়োজন ছিল। কিন্তু সে সুবিধা না থাকায় রোগীদের খুলনা ও ঢাকায় পাঠানো হয়। এ অবস্থায় চিকিত্সা সুবিধার জন্য আইসিইউ ভেন্টিলেটর চেয়ে স্বাস্থ্য অধিদফতর ও মন্ত্রণালয়ে চিঠি দেন হাসপাতাল কর্তৃপক্ষ। তাদের সে চিঠির পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় ছয়টি আইসিইউ ভেন্টিলেটর যশোর জেনারেল হাসপাতালের অনুকূলে বরাদ্দ দিয়েছে। আইসিইউ ইউনিট স্থাপনের জন্য হাসপাতালের ৬ নম্বর মহিলা সার্জারি ওয়ার্ডটি খালি করে মেরামত করা হচ্ছে। এখানে অবশ্য আইসিইউর পাশাপাশি এসডিইউ এবং কিডনি ডায়ালাইসিস ইউনিটও স্থাপন করা হবে। এর কাজ চলছে পুরোদমে। ১৫ দিনের মধ্যে একাজ শেষ হবে বলে আশা করছেন কর্তৃপক্ষ।

যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলীপ কুমার রায় ইত্তেফাককে বলেন, ছয়টি আইসিইউ ভেন্টিলেটর পাওয়া গেলেও চালু করার অপরিহার্য আইসিইউ বেড ও মনিটর পাওয়া যায়নি। বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের সঙ্গে কথা বলে এ ব্যাপারে মৌখিক অনুমোদনের কথা জানতে পারলেও এখনো পর্যন্ত পরিপত্র পাননি। এদিকে আইসিইউর জন্য কেন্দ্রীয় অক্সিজেন ব্যবস্থা প্রয়োজন হলেও হাসপাতালটি পুরোনো বলে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষ মন্ত্রণালয়ে চিঠি লিখে এ কাজের বরাদ্দ নিয়েছে। তবে কবে নাগাদ এ প্লান্টের কাজ শুরু করবে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান, সে ব্যাপারেও কোনো ধারণা নেই কর্তৃপক্ষের। এ প্লান্ট চালু না করা পর্যন্ত অন্য রোগীদের সিলিন্ডার অক্সিজেন দিয়ে কাজ চালানো গেলেও কোভিড রোগীদের ক্ষেত্রে সেটা সম্ভব হবে না বলে জানান হাসপাতাল তত্ত্বাবধায়ক। তিনি জানান, কোভিড রোগীদের জন্য হাইফ্লো অক্সিজেন কেন্দ্রীয় ব্যবস্থা ছাড়া সিলিন্ডারে দেওয়া সম্ভব না। তিনি আরো জানান, হাসপাতালের বর্তমান জনবলকে সংক্ষিপ্ত প্রশিক্ষণের মাধ্যমেই আইসিইউ ভেন্টিলেটর ব্যবস্থাপনায় যুক্ত করা হবে।