পটুয়াখালী পৌর এলাকার বিজয় সড়ক বেহাল

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ছোট চৌরাস্তা এলাকার বিজয় সড়কের অবস্থা বেহাল। মাত্র ৩০০ ফুট রাস্তার এই অবস্থার কারণে প্রায় ১ হাজার ৫০০ ফুট রাস্তার দুই পাশের দুই সহস্রাধিক মানুষকে চলাচলে দারুণ দুর্ভোগ পোহাতে হচ্ছে। এলাকার লোকজনদেরকে যাতায়াত করতে হচ্ছে হাঁটুসমান কাদাপানি ভেঙে। এ অবস্থায় এলাকাবাসী তাদের দুর্ভোগ লাঘবে রাস্তাটি জরুরিভিত্তিতে পুনঃনির্মাণ করার জন্য পৌর মেয়রের নিকট আবেদন জানিয়েছেন। এলাকাবাসী জানায়, পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের ছোট চৌরাস্তার মোড় থেকে দক্ষিণে তালুকদার বাড়ি পর্যন্ত রাস্তাটি মুজিববর্ষ উপলক্ষ্যে ‘বিজয় সড়ক’ নামকরণ ও চলাচলের অনুপযোগী ৩০০  ফুট রাস্তা পুনঃনির্মাণের জন্য পৌর মেয়রের নিকট দাবি জানান। সে প্রেক্ষাপটে মেয়র রাস্তাটি সরেজমিনে পরিদর্শন করেন এবং পৌর পরিষদে রাস্তাটির প্রস্তাবিত ‘বিজয় সড়ক’ নামকরণ অনুমোদন করা হয়। পৌর মেয়র ঐ বিজয় সড়কটি পাকাকরণের লক্ষ্যে পাশে ড্রেনসহ ১৬ ফুট জায়গা ছেড়ে দেওয়ার জন্য এলাকাবাসীর নিকট অনুরোধ জানান। এলাকাবাসী তাদের ক্ষতি লাঘবের জন্য মেয়রকে ১৪ ফুট জায়গা দিতে রাজি হয়। মেয়র সে অনুযায়ী গাইডওয়াল করে রাস্তা নির্মাণে টেন্ডার আহ্বান করে কার্যাদেশ দিয়েছেন।

পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এস এম মতিন মাহমুদ জাহিদ সিকদার জানান, রাস্তাটি খুবই নিচু হওয়ার কারণে জোয়ারের পানি বৃদ্ধি পেলে রাস্তাটি ডুবে যায় এবং বৃষ্টির পানি জমে। তাছাড়া সেখানকার সড়কের পাশে এলাহী নামের এক ব্যক্তি গবাদিপশুর ফার্ম করে গরু পালন করেন। ঐ গরুর ফার্মের সকল বর্জ্য ও ময়লা আবর্জনা রাস্তার ওপরে ফেলায় এক অসহনীয় অবস্থার সৃষ্টি হয়। এ বর্জ্য ও জলাবদ্ধতার কারণে ৯ নম্বর ওয়ার্ডের লোকদের চলাচলে দারুণ দুর্ভোগে পড়তে হয়। তিনি উল্লেখ করেন, পৌর মেয়র রাস্তাটি পুনঃনির্মাণের উদ্যোগ নিয়েছেন। রাস্তাটি এমনভাবে করা হবে যাতে ঐ রাস্তা দিয়ে লোকজন চলাচল ছাড়াও বিশেষ মুহূর্তে অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়িও যেতে পারে।

পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ বলেন, আমি এলাকাবাসীর আবেদনের পরিপ্রেক্ষিতে সরেজমিনে গিয়ে রাস্তাটির বেহাল দশা দেখেছি। সেখানে ১৬ ফুট রাস্তা করার জন্য উদ্যোগ নিলেও বর্তমান রাস্তার পাশে এলাকাবাসীর ঘরবাড়ির কথা বিবেচনায় নিয়ে দুই ফুট কমিয়ে ১৪ ফুট রাস্তা নির্মাণের দরপত্র আহ্বান করা হয়েছে এবং সহসাইড এই রাস্তার কাজ শুরু করা হবে। লাঘব হবে এলাকাবাসীর দুর্ভোগ।