বোনের বাড়ি বেড়াতে গিয়ে লাশ হয়ে ফিরলো মাদ্রাসার ছাত্র

শিবচরে বোনের বাড়ি বেড়াতে গিয়ে পানিতে ডুবে লাশ হয়ে ফিরলো মাদ্রাসার এক ছাত্র। সোমবার (১৩ জুলাই) দুপুরে উপজেলার মাদবরচরের বিল পদ্মায় সমবয়সী বন্ধুদের সাথে গোসল করতে গিয়ে নিখোঁজের ৩ ঘন্টা পর কওমী মাদ্রাসা ছাত্র আবু সুফিয়ান (১২) মৃত্যুদেহ উদ্ধার করেছে শিবচর ফায়ার সার্ভিসের একটি ডুবুরী দল। আবু সুফিয়ান উপজেলার বাঁশকান্দী ইউনিয়নের পূর্ব-মৃজাচর গ্রামের হাফেজ মো: কামাল হাওলাদারের ছেলে।

ফায়ারসার্ভিস, স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার মাদবরচর হাটের পাশে নদীর উপরের নির্মিত শেখ কামাল সেতুর উপর থেকে দল বেঁধে অনেকগুলো কিশোর কিশোরী লাফ দিয়ে নদীতে পড়ে আনন্দ করে গোসল করছিলো। কিন্তু গোসল শেষে সবাই উঠে আসলেও আবু সুফিয়ান (১২) দীর্ঘ সময় পার হবার পরেও না ওঠায় আশেপাশে থাকা স্থানীয়রা নদীতে খোঁজাখুঁজি শুরু করে দেয়। পরে পুলিশ ও ফায়ারসার্ভিসকে খবর দেয় স্থানীয়রা। 

শিবচর ফায়ার সার্ভিস ইউনিটের প্রধান শ্যামল বিশ্বাসের নেতৃত্বে প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে বিকেল সাড়ে ৩ টায় একটি ইঞ্জিন চালিত ট্রলারের নিচে থেকে সুফিয়ানকে উদ্ধার করা হয়। পরে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবু সুফিয়ানকে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় সপ্তাহ খানেক আগে উপজেলার মাদবরচর খাড়াকান্দি গ্রামের দুলাভাই মনির হোসেনের বাড়ী বেড়াতে আসে শ্যালক আবু সুফিয়ান। 

শিবচর থানার অফিসার ইনচার্জ ওসি আবুল কালাম আজাদ বলেন, ‘নদীতে গোসল করতে গিয়ে আবু সুফিয়ান নামের এক কিশোর মারা গিয়েছে। ফায়ার সার্ভিস ও স্থানীদের সহযোগিতায় পুলিশের একটি দল লাশ উদ্ধার করে। 

এদিকে আবু সুফিয়ানের মৃত্যুতে দুই পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

ইত্তেফাক/এমএএম