ঝুঁকিপূর্ণ কালভার্ট দিয়ে যান চলাচল

বেতগাড়ী-সয়রাবাড়ী সড়ক

গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতা

গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ী-সয়রাবাড়ী সড়কে থাকা একটি কালভার্টের মধ্যখানে কনক্রিটের ঢালাইসহ রড ভেঙে গেছে। যানবাহন ও পথচারীরা দুর্ঘটনার ঝুঁকি নিয়েই ভাঙা কালভার্টটি পার হচ্ছে। জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বেতগাড়ী-সয়রাবাড়ী ১২ ফুট প্রশস্ত পাকা সড়কের ডাঙ্গীর মোড় নামক স্থানে থাকা ছোট আকারের সেতুটির রড ভেঙে গিয়ে বড় গর্তের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, প্রতিদিন রংপুরসহ নীলফামারী জেলার বিভিন্ন স্থান থেকে হাজার হাজার মানুষ ও ভারী যানবাহন ঐ সড়ক দিয়ে চলাচল করে। কিন্তু ভাঙা কালভার্টের কারণে লোকজন ঝুঁকি নিয়ে চলাচল করছে। সেইসঙ্গে দুর্ঘটনাও ঘটেছে। বেতগাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান লিপ্টন জানান, সেতুটি বেশ কিছুদিন থেকে ঝুঁকিপূর্ণ। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর গঙ্গাচড়া উপজেলা প্রকৌশলী এ জেড এম আহসান উল্লাহ বলেন, সেতুটি অনেক পুরোনো। তাই এটি এখন ঝুঁকিপূর্ণ। এরই মধ্যে একটি স্কিম পাঠানো হয়েছে।