মন্দির নির্মাণ করায় গানে ‘হিন্দুস্তানি কুত্তা’ বলে গালি পাক গায়কের

ইসলামাবাদে মন্দির নির্মাণ শুরু হওয়ার পর পাকিস্তান জুড়ে হিন্দুদের প্রতি আক্রোশ চরমে পৌঁছে গেছে। মন্দির নির্মাণের কারণে অনেকে সহিংসতার হুমকি দিচ্ছে।

ইতোমধ্যে পাকিস্তানি কট্টরপন্থীরা হিন্দুদের উল্লেখ করে একটি গান বানিয়েছে। যেখানে হিন্দুদের অত্যন্ত নিকৃষ্ট ভাষায় আক্রমণ করার চেষ্টা করা হয়েছে। যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

গানের মধ্যে পাক গায়ক ভারতীয়দের ‘হিন্দুস্তানি কুত্তা’ বলে গালি গালাজ দিয়েছে। গানের ভিডিওতে পাক সেনার নানা কাণ্ড দেখানো হয়েছে এবং তাদের প্রশংসা করা হয়েছে। একই সঙ্গে হুমকি দেওয়া হয়েছে ইসলামাবাদে কোনোভাবেই মন্দির নির্মাণ হতে দেওয়া যাবে না।

৫ জুলাই ইসলামাবাদ কর্তৃপক্ষ মন্দিরের জন্য বরাদ্দকৃত প্লটে সীমানা প্রাচীর নির্মাণ বন্ধ করে দেয়। 

কর্তৃপক্ষের মুখপাত্র মাজহার হুসেনের মতে, বিল্ডিংয়ের পরিকল্পনা জমা দেওয়া হয়নি বলে এই ব্যবস্থা নেওয়া হয়েছিল।

নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ২০১৮ সালে পাকিস্তানের সাবেক সরকার যখন মন্দিরের জন্য জমি বরাদ্দ দিয়েছিল, তখন মুসলিম বিক্ষোভকারীরা এই জায়গাতে শিবির স্থাপন করেছিল। 

তবে সবশেষ, আইনি লড়াইয়ে হিন্দুরা বিজয় হয়। ফলে গত মাসে মন্দিরের প্রথম ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। এছাড়া প্রধানমন্ত্রী ইমরান খান মন্দির নির্মাণের জন্য প্রায় ১.৩ মিলিয়ন ডলার সহায়তা করার ঘোষণা দেন।

ইত্তেফাক/জেডএইচ