ভ্রাম্যমাণ প্রতিনিধি ও মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা
ঝিনাইদহের মহেশপুরে বরযাত্রীবাহী মাইক্রোবাস বহরে ডাকাতির ঘটনা ঘটেছে। রবিবার রাতে উপজেলার দত্তনগর সড়কে কুলতলা বাজার এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটেছে। বরযাত্রী লালন হালদার জানান, মেহেরপুরের আমঝুপি থেকে বিয়ে শেষে তিনটি মাইক্রোবাস যোগে বর-কনেসহ বরযাত্রীরা ফিরছিলেন। রাত দেড়টার দিকে কুলতলা বাজার এলাকায় মাইক্রোগুলো বাধা পেয়ে থেমে যায়। এ সময় অস্ত্রধারী ডাকাতদল বর-কনে ও বরযাত্রীদের কাছ থেকে চার ভরি স্বর্ণালংকার, নগদ প্রায় ৫০ হাজার টাকা ও ২০টি মোবাইল ফোন লুটে নেয়। মহেশপুর থানার ওসি মোরশেদ হাসান খান বিষয়টি নিশ্চিত করেছেন।