নওগাঁয় দেহ ব্যবসার অভিযোগ তুলে চাঁদা দাবি!

পৌরসভার কাউন্সিলর গ্রেফতার

নওগাঁ প্রতিনিধি

নওগাঁয় চাঁদাবাজি ও মারধরের মামলায় নওগাঁ পৌরসভার কাউন্সিলর গোলাপ রহমান বনরাজসহ চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সন্ধ্যায় পুলিশ অভিযান চালিয়ে তাদের শহরের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোলাপ রহমান (৫১), আবু রিহান (১৯), রাসেল হোসেন (২০) ও হূদয় মণ্ডল (২০)।

অভিযোগ সূত্রে জানা গেছে, নওগাঁ শহরের খাস নওগাঁ এলাকায় আজাদ সোনারের বাড়িতে রিপন মণ্ডল (২৯) নামে এক ব্যক্তি এক মাস আগে স্ত্রীকে নিয়ে বসবাস শুরু করেন। রবিবার দুপুরে বনরাজ তার দলবল নিয়ে রিপন মণ্ডলের বাসায় গিয়ে তাদের বিরুদ্ধে দেহ ব্যবসার অভিযোগ তুলে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। রিপন মণ্ডল বনরাজকে তাদের বিয়ের কাগজ দেখালেও তাতে কর্ণপাত করেনি বনরাজ ও তার সহযোগীরা। এ সময় রিপনের স্ত্রী পুলিশকে সংবাদ দিলে টহল পুলিশ ঘটনাস্থলে আসামাত্রই আসামিরা পলিয়ে যায়। পরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।

নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহরাওয়ার্দী হোসেন জানান, রিপন মণ্ডল বাদী হয়ে কাউন্সিলরসহ ৯ জনকে আসামি করে মামলা করেছেন। সোমবার গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।