নরসিংদী প্রতিনিধি
জুট ব্যবসাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হাতে খুন হয়েছে মামুন মিয়া (৪২) নামে এক ব্যবসায়ী। তিনি মাধবদীর নুরালাপুর ইউনিয়নের আলগী মনোহরপুর গ্রামের মুক্তিযোদ্ধা জানি আলমের পুত্র। গত রবিবার সকালে মনোহরপুর খালপাড় ব্রিজের কাছে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। মামুনের সঙ্গে প্রতিপক্ষ অপু গ্রুপের জুট ব্যবসা নিয়ে বিরোধ ছিল। রবিবার মামুন তার বাড়ি থেকে বের হয়ে আলগী বাজারে আসার পথে ওঁত্ পেতে থাকা অপু ও তার দলবল মামুনের ওপর হামলা চালায়। ব্যাপক মারধর করে গুরুতর অবস্থায় তাকে রাস্তায় ফেলে অপু গ্রুপ চলে যায়। পরে স্থানীয় লোকজন মামুনকে উদ্ধার করে তার বাড়িতে নিয়ে যায়। অবস্থা আরো খারাপ হয়ে পড়ায় তাকে স্থানীয় প্রাইম হাসপাতালে নিয়ে যান আত্মীয়-স্বজনরা। কর্তব্যরত ডাক্তার মামুনকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে সোমবার মাধবদী থানায় ১১ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।