দুর্নীতিবাজদের ছাড় নয় : স্বাস্থ্য সচিব

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব আব্দুল মান্নান বলেছেন, ‘করোনার প্রথম দিক থেকেই নারায়ণগঞ্জ হটস্পটে পরিণত হয়েছিল। নারায়ণগঞ্জ এখন একটি পর্যায়ে আসছে। আমার আসার মূল উদ্দেশ্য হলো মানুষ যাতে সঠিকভাবে চিকিত্সা পায়। যাতে কেউ বিনা চিকিত্সায় ফিরে না যায় এবং স্বাস্থ্য সেবা ও করোনা নিয়ে যারা এখানে কাজ করছেন তাদের সবার সঙ্গে দেখা করা, তাদের সমস্যাগুলো শোনা, অক্সিজেন সিলিন্ডার পর্যাপ্ত আছে কিনা, ইকুয়েপমেন্টের কোনো ঘাটতি আছে কিনা, মোটামুটি সবকিছু মিলিয়েই তাদের মুখ থেকে সবকিছু শোনা। ফ্রন্টলাইনের যে যোদ্ধারা আছে যদি তাদের সঙ্গে আমরা যোগাযোগ না রাখি তাহলে কাজ করার যে মনোবল সেটাও তাদের থাকে না।’ গতকাল নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্য খাতে দুর্নীতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রতিদিনই আমরা কোনো না কোনো উদ্যোগ নিচ্ছি। রিজেন্ট বা জেকেজি যে কেউ হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না। দুর্নীতির সঙ্গে জড়িত কাউকে আমরা ছাড় দিব না।